রাণাঘাটে ভোট প্রশিক্ষণ কেন্দ্র ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল। নদিয়ার রাণাঘাট দেবনাথ ইনস্টিটিউশন ফর বয়েজে আয়োজিত ভোটকর্মীদের প্রশিক্ষণ চলাকালীন এক প্রাথমিক স্কুলের শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে। আক্রান্ত ভোটকর্মীর নাম সৈকত চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, প্রশিক্ষণ কেন্দ্রে জায়ান্ট স্ক্রিনে মমতা বন্দ্যোপাধ্যায়-এর ছবি দেখানো নিয়ে প্রশ্ন তোলাতেই তাঁকে বেধড়ক মারধর করা হয়।
অভিযোগ আরও গুরুতর—আক্রান্ত শিক্ষক দাবি করেছেন, শুধু মারধরই নয়, তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। এমনকি প্রশিক্ষণ কেন্দ্র থেকে বেরোনোর পর খুন করার ভয় দেখানো হয় বলেও জানিয়েছেন তিনি। তাঁর দাবি, পুরো ঘটনায় স্থানীয় বিডিও-র ভূমিকা রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েছেন অন্যান্য ভোটকর্মীরাও। প্রতিবাদে অনেকেই দিনের প্রশিক্ষণ বয়কট করেছেন। তাঁদের প্রশ্ন, যেখানে প্রশিক্ষণ কেন্দ্রেই নিরাপত্তার অভাব, সেখানে ভোটের দিন বুথে পরিস্থিতি কী হতে পারে? ক্ষুব্ধ একাংশের স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নিলে ভোট বয়কট করা হবে।
যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিডিও সায়ন্তন ভট্টাচার্য। তাঁর দাবি, কোনও রকম হামলার ঘটনা ঘটেনি এবং অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।এদিকে, ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখছে নির্বাচন কমিশন। জেলা নির্বাচনী আধিকারিকের কাছে ইতিমধ্যেই বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। পাশাপাশি, হামলার অভিযোগে দোষীদের বিরুদ্ধে পুলিশকে মামলা দায়েরের নির্দেশও দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর। ভোটের আগে এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলছে প্রশাসনিক প্রস্তুতি ও ভোটকর্মীদের নিরাপত্তা নিয়ে। বিশেষজ্ঞদের মতে, অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে হলে প্রথমেই প্রশিক্ষণ পর্বে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।







