বিদেশ

উত্তাল ইরানে খামেনেই সরকারের দমনপীড়নে ঝরল রক্ত ,এক সপ্তাহে মৃত্যু অন্তত ৭ জনের

নতুন বছরের শুরুতেই উত্তপ্ত ইরান। কয়েক দশক ধরে চলা মোল্লাতন্ত্রের অবসান ঘটিয়ে গণতন্ত্র ফেরানোর দাবিতে রাজপথে নেমেছেন কয়েক হাজার সাধারণ মানুষ। কিন্তু সেই বিক্ষোভ দমনে প্রশাসন যে পথ বেছে নিয়েছে, তাতে ঝরল রক্ত। সরকারি তথ্য অনুযায়ী, নিরাপত্তা বাহিনীর দমনপীড়নে এখন পর্যন্ত অন্তত সাতজন আন্দোলনকারীর মৃত্যু হয়েছে। তেহরান থেকে শুরু করে মাশহাদ আন্দোলনের আগুন ছড়িয়ে পড়েছে ইরানের প্রতিটি প্রান্তে।

গত এক সপ্তাহ ধরে চলা এই গণবিক্ষোভে মানুষের ক্ষোভের মূল লক্ষ্য বর্তমান শাসক আয়াতোল্লা আলি খামেনেই। মূল্যবৃদ্ধি আর মুদ্রাস্ফীতির জেরে সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত। মার্কিন ডলারের তুলনায় ইরানি রিয়ালের দাম এতটাই কমেছে যে, অর্থনীতি কার্যত ভেঙে পড়েছে। ১৯৭৯ সালে যে মোল্লাতন্ত্রের সূচনা হয়েছিল, এখন তার পতন চেয়ে রাস্তায় নেমেছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া থেকে সাধারণ চাকরিজীবী সবাই। তাঁদের দাবি, আবারও রাজতন্ত্র বা শাহ শাসনের হাতেই ফিরে যাক দেশের ক্ষমতা। বর্তমানে আমেরিকায় থাকা শাহ বংশের উত্তরাধিকারী রেজা পাহলাভিও এই আন্দোলনকে নৈতিক সমর্থন জানিয়েছেন। কিন্তু বিক্ষোভ যত বাড়ছে, প্রশাসনের কড়াকড়িও ততটাই প্রাণঘাতী হয়ে উঠছে। গত দু’দিনে ইসফাহান, কুহদাশতে এবং আজ়না শহরে দফায় দফায় সংঘর্ষে সাধারণ মানুষের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর এক সদস্যও প্রাণ হারিয়েছেন। শুধু মৃত্যু নয়, আহত হয়েছেন বহু মানুষ এবং জেলবন্দি করা হয়েছে অসংখ্য প্রতিবাদীকে।

ইতিহাস বলছে, ১৯৭৯ সালে যখন শাহ বংশের পতন ঘটিয়ে রুহোল্লাহ খোমেইনি ক্ষমতায় বসেন, তখন তাঁর সঙ্গী ছিলেন এই আলি খামেনেই। কিন্তু সময়ের সাথে সাথে সেই শাসনব্যবস্থা এখন স্বৈরাচারী রূপ নিয়েছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। মুদ্রাস্ফীতি আর অভাবের তাড়নায় দেয়ালে পিঠ ঠেকে যাওয়া সাধারণ মানুষ এখন আর বুলেটের ভয় পাচ্ছেন না। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে এই রক্তক্ষয়ী সংঘাত শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.