বয়স কি শুধুই একটি সংখ্যা? ভেনাস উইলিয়ামস যেন আবারও প্রমাণ করতে চলেছেন—ইচ্ছাশক্তি আর লড়াইয়ের মানসিকতার কাছে বয়সের কোনও গুরুত্ব নেই। ৪৫ বছর বয়সে ওয়াইল্ডকার্ড পেয়ে অস্ট্রেলিয়ান ওপেনে নামতে চলেছেন মার্কিন টেনিস তারকা ভেনাস উইলিয়ামস। এর মাধ্যমে তিনি অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণকারী সর্বকালের সবচেয়ে বয়স্ক নারী টেনিস খেলোয়াড় হিসেবে ইতিহাস গড়তে চলেছেন।
যে বয়সে বেশিরভাগ খেলোয়াড় অবসর নেন বা নিতে বাধ্য হন, সেই বয়সে গ্র্যান্ড স্লামের মঞ্চে প্রত্যাবর্তন ভেনাসের অসাধারণ মানসিক দৃঢ়তারই প্রতিফলন। ২০২১ সালের পর এই প্রথম মেলবোর্ন পার্কে ফিরছেন তিনি। অস্ট্রেলিয়ায় ফেরার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ভেনাস বলেন,
“অস্ট্রেলিয়ায় আবার আসতে পেরে আমি ভীষণ আনন্দিত। প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মুখিয়ে আছি। এখানে আমার অসংখ্য স্মৃতি রয়েছে। অস্ট্রেলিয়ান ওপেন আমাকে অনেক কিছু দিয়েছে। এমন একটি জায়গায় ফেরার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।”
সম্প্রতি ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন ভেনাস। তবে কোর্টে ফেরার প্রস্তুতিতে কোনও খামতি রাখছেন না তিনি। আগামী সপ্তাহে অকল্যান্ড ক্লাসিক দিয়ে শুরু হবে তাঁর প্রস্তুতি। এরপর হবার্ট ইন্টারন্যাশনাল খেলেই তিনি নামবেন অস্ট্রেলিয়ান ওপেনে। ১৬ মাসের বিরতির পর গত বছর ইউএস ওপেনে প্রতিযোগিতামূলক টেনিসে ফেরেন এই তারকা।
গ্র্যান্ড স্লামের ইতিহাসে ভেনাসের কৃতিত্ব ঈর্ষণীয়। পাঁচবার উইম্বলডন ও দু’বার ইউএস ওপেন জয় করেছেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেনের একক ফাইনাল খেলেছেন ২০০৩ ও ২০১৭ সালে, যদিও শিরোপা অধরাই থেকেছে। তবে ডাবলসে চারবার অস্ট্রেলিয়ান ওপেনের ট্রফি উঠেছে তাঁর হাতে।
এবার অস্ট্রেলিয়ান ওপেনে নামলেই তিনি ভেঙে দেবেন জাপানের কিমিকো ডেটের দীর্ঘদিনের রেকর্ড। ভেনাসের প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত বর্তমান প্রজন্মের খেলোয়াড়রাও। মার্কিন তারকা কোকো গাফ বলেন,
“ভেনাসকে এখনও গ্র্যান্ড স্লামে খেলতে দেখা যাবে—ভাবতেই অবাক লাগছে। ও টেনিসের এক জীবন্ত কিংবদন্তি। ছোটবেলা থেকে যাদের দেখে বড় হয়েছি, ভেনাস তাঁদের অন্যতম। ওর কেরিয়ার আমাদের সকলের জন্য প্রেরণা।”
১৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অস্ট্রেলিয়ান ওপেন। টেনিস দুনিয়ায় নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে ভেনাস উইলিয়ামস—যিনি বয়সকে নয়, ইতিহাসকেই চ্যালেঞ্জ জানাতে নামছেন।







