খেলাধুলা

আই লিগে ডায়মন্ড হারবার, উচ্ছ্বসিত অভিষেকের স্বপ্ন এবার আইএসএল!

স্বপ্ন দেখলে যে তা ছোঁয়া যায়, আবারও প্রমাণ দিল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। ২০২২ সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে গড়া এক ছোট্ট প্রচেষ্টা মাত্র তিন বছরের মধ্যেই পা রাখল দেশের দ্বিতীয় সর্বোচ্চ ফুটবল লিগে। কেরলে শক্তিশালী প্রতিপক্ষ এসএটি তিরুরকে হারিয়ে আই লিগ ২ থেকে সরাসরি উঠে এল তারা আই লিগে। পিন্টু মাহাতা ও সুপ্রতিম হাজরার গোলে ঐতিহাসিক জয় এনে দিল ডায়মন্ড হারবারকে।

১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার প্রথম দুইয়ে শেষ করাটা নিশ্চিত হয়ে যাওয়ায় বাকি দু’টি ম্যাচ অপেক্ষাকৃত গুরুত্বহীন হয়ে গেল ডায়মন্ড হারবারের কাছে। তবে ফুটবলের দিক থেকে তা যে কত বড় অর্জন, তা মাপা কঠিন। গত বছর আই লিগ ৩ জিতে উঠেছিল আই লিগ ২-এ। এক মরসুমের ব্যবধানে আবারও উন্নতি, এবার সরাসরি আই লিগে। এমন ধারাবাহিক উন্নতির নজির ভারতীয় ফুটবলে বিরল।

এই সাফল্যে উচ্ছ্বসিত অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন, এটি শুধু ক্লাব নয়, গোটা বাংলার গর্ব। তিনি লেখেন, খেলোয়াড়দের শৃঙ্খলা, কোচদের পরিশ্রম, স্পনসরদের ভরসা আর সমর্থকদের আবেগ মিলে গড়া এই জয়গাথা একদিন লক্ষ ফুটবলারকে অনুপ্রাণিত করবে। তিনি মনে করিয়ে দিয়েছেন, আই লিগ মানেই আইএসএলের এক ধাপ নিচে থাকা। অর্থাৎ স্বপ্ন এখন আরও বড়।

তিন বছরে কলকাতা লিগ থেকে আই লিগ—এমন উত্থান কেবল পরিকল্পনা ও জেদের মাধ্যমেই সম্ভব। অভিষেকের চোখে এখন পরবর্তী লক্ষ্য—আইএসএল। আর এই যাত্রার শেষ কোথায়, সেটাই জানে না কেউ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.