বিদেশ

ভদ্রপুরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা, অবতরণের সময় রানওয়ে ছাড়িয়ে গেল বুদ্ধ এয়ারের বিমান

নেপালে ফের বিমান দুর্ঘটনার আতঙ্ক। শুক্রবার রাজধানী কাঠমান্ডু থেকে ভদ্রপুরগামী বুদ্ধ এয়ারের একটি ছোট আকারের যাত্রীবাহী বিমান অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে ছিটকে যায়। যদিও বড়সড় বিপর্যয় এড়ানো গিয়েছে। বিমানে থাকা ৫৫ জন যাত্রী ও বিমানকর্মী সকলেই নিরাপদ রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিমান সংস্থা।

ঘটনাটি ঘটে ভদ্রপুর বিমানবন্দরে অবতরণের সময়। রানওয়ে স্পর্শ করার পর আচমকা প্রবল ঝাঁকুনি অনুভূত হয়। তারপর বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ মিটার দূরে ছিটকে যায়। এমনকি সেই বিমানটি একটি নদীর কাছাকাছি চলে যাওয়ায় বিপদের আশঙ্কা তৈরি হয়েছিল। বুদ্ধ এয়ার সূত্রে জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটির রেজিস্ট্রেশন নম্বর ছিল ৯এন-এএমএফ। ওই বিমানে মোট ৫১ জন যাত্রী ছিলেন। বাকি ৪ জন ছিলেন পাইলট ও কেবিন ক্রু। সকলকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে রানওয়ে ছাড়িয়ে যাওয়ার কারণে বিমানটির কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনার খবর পেতেই কাঠমান্ডু থেকে উদ্ধারকারী দল ও কারিগরি বিশেষজ্ঞদের একটি দল ভদ্রপুরে নিয়ে যাওয়া হয়েছে। বিমানটি কেন অবতরণের পরেও নিয়ন্ত্রণ হারাল? চাকা রানওয়ে ছোঁয়ার পরেও কীভাবে এত দূর ছিটকে গেল? এই সমস্ত বিষয় নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক ভাবে আবহাওয়ার প্রতিকূলতা, বিশেষ করে কুয়াশার ভূমিকা থাকতে পারে বলে অনুমান করছে। ফের ভদ্রপুরের এই ঘটনা নেপালের বিমান নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়াল বলেই মনে করছেন বিমান চলাচল বিশেষজ্ঞরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.