বিদেশ

মাদুরো ইস্যুতে আমেরিকার বিরুদ্ধে তীব্র চাপে চিন, কয়েক ঘণ্টার ব্যবধানে দু’বার কড়া বিবৃতি বেজিংয়ের

ওয়াশিংটন–বেজিং সংঘাত নতুন মাত্রা পেল ভেনেজুয়েলা সংকটে

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মার্কিন বাহিনী জোর করে আটক করার ঘটনায় আন্তর্জাতিক রাজনীতিতে তীব্র উত্তেজনা ছড়াল। কয়েক ঘণ্টার ব্যবধানে পরপর দু’বার বিবৃতি দিয়ে আমেরিকার বিরুদ্ধে সুর আরও চড়াল চিন। রোববার সকালে জারি করা দ্বিতীয় বিবৃতিতে বেজিং স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়— অবিলম্বে মাদুরো ও তাঁর স্ত্রীকে মুক্তি দিতে হবে, কোনও অবস্থাতেই ভেনেজুয়েলার সরকারের পতন ঘটানো চলবে না।

চিনের বিদেশ মন্ত্রকের মতে, একটি সার্বভৌম রাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীকে বলপ্রয়োগ করে দেশছাড়া করা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। রাষ্ট্রপুঞ্জের সনদ এবং আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতির সঙ্গে এই পদক্ষেপের কোনও সামঞ্জস্য নেই বলেই অভিযোগ বেজিংয়ের।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিবৃতিতে বলেন,
“মাদুরো ও তাঁর স্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তার সম্পূর্ণ দায় এখন আমেরিকার। অবিলম্বে তাঁদের মুক্তি দিতে হবে। ভেনেজুয়েলার সরকারকে উৎখাত করার কোনও চেষ্টা গ্রহণযোগ্য নয়। সব সমস্যার সমাধান আলোচনার মাধ্যমেই হওয়া উচিত।”

এর আগে শনিবার রাতে প্রথম বিবৃতিতে চিন এই ঘটনাকে “খাঁটি আধিপত্যবাদ” বলে আখ্যা দেয়। বেজিংয়ের অভিযোগ, এই অভিযানের মাধ্যমে শুধু ভেনেজুয়েলার সার্বভৌমত্ব নয়, গোটা লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের নিরাপত্তাকেও বিপন্ন করা হয়েছে। সেই বিবৃতিতে আমেরিকাকে আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রপুঞ্জের সনদ মানার আহ্বান জানানো হয় এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করার দাবি তোলা হয়।

চিনের দ্বিতীয় বিবৃতিতে আরও স্পষ্ট বার্তা— মাদুরোকে আটক রেখে সরকার বদলের খেলায় নামলে তার পরিণতি সহজ হবে না।

উল্লেখ্য, শনিবার নিজেই ভেনেজুয়েলায় নাটকীয় সামরিক অভিযানের কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস সূত্রে দাবি করা হয়, গভীর রাতে শোওয়ার ঘর থেকেই মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে মার্কিন বিশেষ বাহিনী। হেলিকপ্টারে তাঁদের প্রথমে একটি মার্কিন যুদ্ধজাহাজে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে সরাসরি নিউ ইয়র্কে। ভারতীয় সময় রবিবার সকালে তাঁদের ব্রুকলিনের একটি ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে বলে জানানো হয়। হোয়াইট হাউস সেই অভিযানের ফুটেজও প্রকাশ করেছে।

বন্দি হওয়ার পর মাদুরোর প্রথম প্রতিক্রিয়া মাত্র পাঁচ শব্দে—
“গুড নাইট। হ্যাপি নিউ ইয়ার।”

এই ঘটনার জেরে আমেরিকা–চিন কূটনৈতিক সংঘাত যে আরও তীব্র হতে চলেছে, তা স্পষ্ট। ভেনেজুয়েলা সংকটকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মেরুকরণের আশঙ্কা করছেন কূটনৈতিক মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.