রাজ্য

ভোর ৪টা ১৭-এ কেঁপে উঠল অসম, ৫.১ মাত্রার ভূমিকম্পে আতঙ্ক উত্তর-পূর্ব জুড়ে

ঘড়িতে তখন ভোর ৪টা ১৭। আচমকাই থরথরিয়ে কেঁপে উঠল মাটি। সোমবার (৫ জানুয়ারি, ২০২৬) ভোরে প্রবল ভূমিকম্প অনুভূত হল অসম ও গোটা উত্তর-পূর্ব ভারতে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS)-র তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল অসমের মরিগাঁও জেলা, ব্রহ্মপুত্রের দক্ষিণ তীরে। ভূপৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎস। অক্ষাংশ ২৬.৩৭ ডিগ্রি উত্তর ও দ্রাঘিমাংশ ৯২.২৯ ডিগ্রি পূর্বে এই কম্পন রেকর্ড করা হয়েছে।

অসমের প্রায় সব জেলাতেই কম্পন স্পষ্টভাবে অনুভূত হয়। কামরূপ মহানগর, নগাঁও, পূর্ব ও পশ্চিম কার্বি আংলং, হোজাই, ডিমা হাসাও, গোলাঘাট, জোরহাট, শিবসাগর, চরাইদেও, কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি, ধুবড়ি, দক্ষিণ সালমারা-মানকাচার ও গোলপাড়া সহ বিস্তীর্ণ এলাকায় আতঙ্ক ছড়ায়। উত্তর অসমের দরং, তামুলপুর, সোনিতপুর, বিশ্বনাথ, উদালগুড়ি, নলবাড়ি, বরপেটা, বাক্সা, চিরাং, কোকরাঝাড়, বঙাইগাঁও ও লখিমপুরেও ভূমিকম্পের ঝাঁকুনি টের পাওয়া যায়।

শুধু অসম নয়, ভূমিকম্পের প্রভাব পড়ে গোটা উত্তর-পূর্ব ভারতজুড়ে। অরুণাচল প্রদেশের মধ্য-পশ্চিম অংশ, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়। পাশাপাশি পশ্চিমবঙ্গের কিছু অংশ, ভুটানের মধ্য-পূর্ব এলাকা, বাংলাদেশের কয়েকটি অঞ্চল এবং চিনের সীমান্তবর্তী এলাকাতেও এই ভূমিকম্পের প্রভাব টের পাওয়া গেছে বলে সিসমোলজি রিপোর্টে জানানো হয়েছে।

ভোরের ঘুম ভেঙে হঠাৎ কম্পনে আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন বহু মানুষ। তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে, আপাতত কোথাও প্রাণহানি বা বড়সড় ক্ষয়ক্ষতির খবর নেই। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.