দেশীয় প্রযুক্তিতে নির্মিত প্রথম দূষণ নিয়ন্ত্রক জাহাজ ‘সমুদ্র প্রতাপ’ আনুষ্ঠানিক ভাবে ভারতের উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হল। সোমবার গোয়ায় জাহাজটির উদ্বোধন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্ত, কেন্দ্রীয় প্রতিরক্ষা সচিব রাজেশকুমার সিংহ-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজনাথ সিংহ বলেন, ‘সমুদ্র প্রতাপ’-এ ব্যবহৃত যন্ত্রাংশের প্রায় ৬০ শতাংশই দেশীয় প্রযুক্তিতে তৈরি। আত্মনির্ভর ভারতের লক্ষ্যপূরণে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাঁর কথায়, এই জাহাজ শুধু উপকূলরক্ষী বাহিনীর শক্তি বাড়াবে না, বরং ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের একটি জীবন্ত উদাহরণ হয়ে থাকবে।
‘সমুদ্র প্রতাপ’-এর মূল কাজ সমুদ্র দূষণ নিয়ন্ত্রণ। বিশেষ প্রযুক্তির সাহায্যে সমুদ্রের জলে মিশে থাকা তেল, রাসায়নিক পদার্থ এবং অন্যান্য ক্ষতিকর উপাদান শনাক্ত করতে সক্ষম এই জাহাজ। দূষণের মাত্রা পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়ার ক্ষমতাও রয়েছে এর। তেলের চুঁইয়ে পড়া বা রাসায়নিক দূষণের মতো ঘটনায় তাৎক্ষণিক পদক্ষেপে এই জাহাজ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
দূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি তল্লাশি ও উদ্ধারকাজেও ব্যবহার করা হবে ‘সমুদ্র প্রতাপ’-কে। সমুদ্রপথে দুর্ঘটনা ঘটলে বা বিপদে পড়া নৌযান ও নাবিকদের উদ্ধার অভিযানে এই জাহাজ কার্যকরী ভূমিকা পালন করতে পারবে। ভারতের জলভাগের বিশেষ অর্থনৈতিক এলাকা (ইইজেড) ছাড়াও প্রয়োজনে দেশের বাইরের জলসীমাতেও এটি মোতায়েন করা যাবে।
প্রযুক্তিগত দিক থেকেও ‘সমুদ্র প্রতাপ’ অত্যন্ত শক্তিশালী। জাহাজটির দৈর্ঘ্য ১১৪.৫ মিটার, প্রস্থ ১৬.৫ মিটার এবং ওজন প্রায় ৪,১৭০ টন। বর্তমানে এটি ভারতের উপকূলরক্ষী বাহিনীর হাতে থাকা সবচেয়ে বড় জাহাজ। আধুনিক নেভিগেশন ব্যবস্থা, উন্নত সেন্সর এবং দূষণ নিয়ন্ত্রণ সরঞ্জাম একে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করেছে।
‘সমুদ্র প্রতাপ’-এর অন্তর্ভুক্তি দেশের সামুদ্রিক নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় নতুন দিশা দেখাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।







