ঋণের অঙ্ক ২২ হাজার কোটি টাকা, অথচ পরিশোধ করতে হবে মাত্র সাড়ে ৬ কোটি! ন্যাশনাল কোম্পানি ল’ ট্রাইব্যুনাল (NCLT)-এর এই সিদ্ধান্ত ঘিরেই এখন নতুন করে আলোচনার কেন্দ্রে এসেল গ্রুপের চেয়ারম্যান সুভাষ চন্দ্র। বিপুল অঙ্কের ঋণের প্রায় ৯৯ শতাংশ মকুব হওয়ার খবর সামনে আসতেই শুরু হয়েছে নানা প্রশ্ন ও সমালোচনা।
তবে বিতর্কের মাঝেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন সুভাষ চন্দ্র। তাঁর দাবি, ২০১৯ সালে আর্থিক সঙ্কট তৈরি হওয়ার পর প্রায় ৪৫ হাজার কোটি টাকার দায়ের মধ্যে ৪৩ হাজার কোটি টাকা পরিশোধ করা হয়েছিল। ঋণের গ্যারান্টার হিসেবে তিনি নিজেও বড় আর্থিক চাপের মুখে পড়েন এবং পরিবারের সম্পত্তি ও বাড়ি বিক্রি করে দায় মেটানোর চেষ্টা করেন বলে জানিয়েছেন।
এক ভিডিয়ো বার্তায় ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানিয়েছেন এসেল গ্রুপের চেয়ারম্যান। তাঁর কথায়, শেষ ৬.৫ কোটি টাকাও পরিকল্পনা অনুযায়ী পরিশোধ করতে হবে। বর্তমানে তাঁর একটি ছোট বাড়ি রয়েছে, সেটি ভাড়া দিয়ে পাওয়া অর্থেই দৈনন্দিন খরচ চালাচ্ছেন বলেও দাবি করেছেন তিনি।
তাহলে এরপর কী করবেন সুভাষ চন্দ্র?
তিনি জানিয়েছেন, নতুন করে ব্যবসায় ফিরতে চান। সুইৎজারল্যান্ডের বিনিয়োগকারীদের সঙ্গে কাজ করার পাশাপাশি পরিবারের কাছ থেকে অর্থ নিয়ে স্টার্ট-আপে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে তাঁর। আর্থিক ধাক্কা তাঁকে থামাতে পারেনি বলেই বার্তা দিয়েছেন তিনি।
মিডিয়া, পরিকাঠামো থেকে শুরু করে বিনোদন—বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিন ধরে ব্যবসা রয়েছে সুভাষ চন্দ্রের এসেল গ্রুপের। বিপুল ঋণ, NCLT-এর সিদ্ধান্ত এবং তাঁর পরবর্তী পরিকল্পনা—সব মিলিয়ে ফের একবার আলোচনায় এই শিল্পপতি।







