বিনোদন

‘এই জন্মে কেউ আমাদের আলাদা করতে পারবে না’, বিচ্ছেদের জল্পনার মাঝেই গোবিন্দাকে নিয়ে আবেগঘন বার্তা সুনীতার!

দীর্ঘদিনের দাম্পত্যে টানাপোড়েন, বিবাহবিচ্ছেদের মামলা, এমনকি তৃতীয় ব্যক্তিকে ঘিরে বিতর্ক—সব মিলিয়ে গত কয়েক বছর ধরেই আলোচনার কেন্দ্রে বলিউড অভিনেতা গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজা। স্বামীকে নিয়ে একাধিকবার প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন সুনীতা। এমনকি অভিনেতার সহ-অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারকে ঘিরে বিতর্কের মাঝে গোবিন্দাকে ‘সুগার ড্যাডি’ বলেও কটাক্ষ করেছিলেন তিনি। তবে এবার সেই সুনীতার গলাতেই শোনা গেল অন্য সুর। পুরনো সম্পর্ক ফিরে পাওয়ার আশায় কি তবে নতুন করে স্বামীর দিকে বন্ধুত্বের হাত বাড়াচ্ছেন তিনি?

সম্প্রতি এক সাক্ষাৎকারে গোবিন্দার সঙ্গে কাটানো পুরনো দিনের স্মৃতিচারণ করেন সুনীতা। বিশেষ করে দীপাবলির সময় একসঙ্গে কেনাকাটা এবং গয়না কেনার মুহূর্তগুলির কথা মনে পড়ে তাঁর। সুনীতার কথায়, আগে গোবিন্দা তাঁকে প্রচুর সোনার গয়না উপহার দিতেন। মেয়ে টিনাকেও সঙ্গে নিয়ে চলত শপিং। সেই দিনগুলি আবার ফিরে আসবে বলেই আশাবাদী তিনি। এমনকি একসঙ্গে গয়না কিনতে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন অভিনেতার স্ত্রী।

শুধু তাই নয়, ৩৯-৪০ বছরের দাম্পত্য সম্পর্ক নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী সুনীতা। তাঁর স্পষ্ট বক্তব্য, সময় এখন তাঁদের পক্ষে না থাকলেও এই জীবনে কেউ তাঁদের আলাদা করতে পারবে না। গোবিন্দার সঙ্গে আবার দেখা হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। বরং দু’জনের ভবিষ্যৎ ভগবানের হাতেই ছেড়ে দিয়েছেন। একইসঙ্গে জানিয়েছেন, আপাতত নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান।

উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে গোবিন্দার সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা করেছিলেন সুনীতা। পরে ২০২৬ সালের অগস্টে সেই মামলা প্রত্যাহার করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরই মধ্যে গত সেপ্টেম্বরে মুম্বইয়ের লালবাগচা রাজা প্যান্ডেলে গোবিন্দা ও কোমলকে একসঙ্গে দেখা যাওয়াকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়। কোমলকে ঘিরে সুনীতার মন্তব্যের পাল্টা জবাবও এসেছিল সোশ্যাল মিডিয়ায়।

তবে এবার অতীতের তিক্ততা সরিয়ে সম্পর্কের পুরনো উষ্ণতা ফিরে পাওয়ার ইঙ্গিতই যেন দিলেন সুনীতা। অন্যদিকে, ব্যক্তিগত জীবনের বিতর্কের মাঝেই অভিনয় জগতে নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি। পরিচালক সাজিদ খানের আগামী ছবিতে অভিনয় করার কথা রয়েছে তাঁর। একতা কাপুরের প্রযোজনায় তৈরি ওই ছবিতে নিজের ছেলে যশবর্ধন আহুজার মায়ের চরিত্রেই দেখা যেতে পারে সুনীতাকে। আগামী বছর ছবিটি মুক্তি পাওয়ার কথা।

স্বামীকে নিয়ে আবেগ, পুরনো স্মৃতির টান আর নতুন কাজের প্রস্তুতি—সব মিলিয়ে জীবনের নতুন অধ্যায়ের সামনে দাঁড়িয়ে সুনীতা। এবার কি সত্যিই পুরনো ছন্দে ফিরবে গোবিন্দা-সুনীতার সংসার? সেই উত্তর দেবে সময়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.