রাজনীতি

প্রবীণ বাম নেতা সমীর পুততুণ্ড প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা: প্রয়াত হলেন প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড। রবিবার রাতে ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন অসুস্থ ছিলেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ। রবিবার রাত আনুমানিক ১১টা ১৫ মিনিট নাগাদ ইএম বাইপাস সংলগ্ন মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

সমীর পুততুণ্ডের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স (সাবেক টুইটার)-এ শোকবার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, “একদা বাম আন্দোলনের শক্তিশালী নেতা সমীর পুততুণ্ডকে হারিয়ে আমি খুবই মর্মাহত। মনে হচ্ছে, আমি নিজের কাউকে হারালাম। সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনে আমরা একসঙ্গে কাজ করেছি।” প্রয়াত নেতার স্ত্রী অনুরাধা পুততুণ্ডকে সমবেদনা জানিয়ে তিনি আরও লেখেন, “অনুরাধাদিকে সান্ত্বনা জানানোর ভাষা নেই, তবুও সর্বদা পাশে আছি।”

রাজনৈতিক জীবনে একসময় দক্ষিণ ২৪ পরগনা জেলার সিপিএমের জেলা সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন সমীর পুততুণ্ড। তবে ২০০১ সালের বিধানসভা নির্বাচনের আগে দলীয় নেতৃত্বের সঙ্গে মতবিরোধের জেরে সিপিএম ছাড়েন তিনি। সেই সময় সইফুদ্দিন চৌধুরীর সঙ্গে মিলে গঠন করেন নতুন দল পিডিএস।

২০০১ সালের বিধানসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে প্রার্থী হন সমীর পুততুণ্ড। যদিও ওই নির্বাচনে বিশেষ সাফল্য পাননি তিনি। পরবর্তীকালে সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলনের সময় তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সক্রিয়ভাবে দাঁড়িয়েছিলেন এই প্রবীণ নেতা।

সমীর পুততুণ্ডের প্রয়াণে রাজ্য রাজনীতিতে এক বর্ণময় অধ্যায়ের অবসান ঘটল বলে মত রাজনৈতিক মহলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.