দেশ

ইরান ইস্যুতে ভারতের প্রথম মন্তব্য, সে দেশে থাকা ভারতীয়দের সতর্ক করল কেন্দ্র

তেহরান— নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইরানে শুরু হওয়া আন্দোলন ক্রমেই রূপ নিচ্ছে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলি খামেনেইয়ের বিরুদ্ধে সর্বাত্মক বিদ্রোহে। দেশজুড়ে ছড়িয়ে পড়া এই গণবিক্ষোভে উত্তাল ইরানের পরিস্থিতির উপর কড়া নজর রাখছে ভারত।
সোমবার সাংবাদিক বৈঠকে ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী জানান, ইরানে বসবাসকারী ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার সজাগ। তিনি বলেন, “ইরানে বহু ভারতীয় পড়াশোনা ও কাজের সূত্রে থাকেন। সেখানে আমাদের দূতাবাস প্রবাসী ভারতীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। এখনও পর্যন্ত সকলেই নিরাপদ রয়েছেন।”
বিদেশসচিবের পরামর্শ, ইরানে থাকা ভারতীয়রা যেন অপ্রয়োজনে বাইরে না বেরোন এবং কোনও অশান্তি বা সংঘর্ষপূর্ণ এলাকা এড়িয়ে চলেন।
এই মন্তব্য আসে এমন এক সময়ে, যখন দু’দিনের সফরে ভারতে আসা জার্মানির চান্সেলর ফ্রিডরিখ মের্ৎজ়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক চলছে। গুজরাতের গান্ধীনগরে বৈঠকের পর সাংবাদিকদের ইরান ও গ্রিনল্যান্ড পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে মিস্রী জানান, রাষ্ট্রনেতাদের আলোচনার নির্দিষ্ট বিষয় প্রকাশ করা সম্ভব নয়, তবে ইরানের পরিস্থিতির উপর ভারত ঘনিষ্ঠ নজর রাখছে।
অন্যদিকে, বিক্ষোভ দমনে তেহরানের কঠোর অবস্থান আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়েছে। আন্দোলনকারীদের দাবি, সোমবার পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা ৫৪৪। গত দু’সপ্তাহে গ্রেফতার হয়েছেন প্রায় ১০,৬০০ জন। মানবাধিকার সংগঠনগুলির অভিযোগ, শান্তিপূর্ণ বিক্ষোভেও শক্তি প্রয়োগ করছে প্রশাসন।
ইরানের পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, বিক্ষোভকারীদের উপর দমননীতির প্রেক্ষিতে মার্কিন হস্তক্ষেপ প্রয়োজন হতে পারে— সে বিষয়ে আলোচনা চলছে। পাল্টা কড়া বার্তা দিয়েছে তেহরান। ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘের কালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানে কোনও হামলা হলে ইজ়রায়েল এবং পশ্চিম এশিয়ায় আমেরিকার সামরিক ঘাঁটি ও জাহাজকে নিশানা করা হবে।
মধ্যপ্রাচ্যে এই ক্রমবর্ধমান উত্তেজনার আবহে, কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে পরিস্থিতি পর্যবেক্ষণের পথেই হাঁটছে নয়াদিল্লি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.