খেলাধুলা

বিগ ব্যাশে নজিরবিহীন লজ্জা, মন্থর ব্যাটিংয়ে ‘রিটায়ার্ড আউট’ মহম্মদ রিজওয়ান

ক্রিকেট মাঠে এমন ঘটনা সচরাচর দেখা যায় না, বিশেষ করে কোনও আন্তর্জাতিক স্তরের নামী ব্যাটারের ক্ষেত্রে। কিন্তু বিগ ব্যাশ লিগে (BBL) সোমবার এমনই এক নজিরবিহীন পরিস্থিতির সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। চূড়ান্ত মন্থর ব্যাটিংয়ের কারণে মাঠ থেকেই ‘রিটায়ার্ড আউট’ ঘোষণা করা হল পাকিস্তানের তারকা উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ানকে।

বিগ ব্যাশ লিগের ৩৩তম ম্যাচে সিডনিতে মুখোমুখি হয়েছিল সিডনি থান্ডার ও মেলবোর্ন রেনেগেডস। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে মেলবোর্ন। ৯.১ ওভারে ২ উইকেটে ৮৩ রান তুলে রেনেগেডস তখন দুরন্ত গতিতে এগোচ্ছিল, রান রেট ছিল ওভারপ্রতি ৯-এর বেশি। এমন পরিস্থিতিতে চার নম্বরে ব্যাট করতে নামেন মহম্মদ রিজওয়ান।

কিন্তু এরপরই ছন্দপতন। রিজওয়ানের মন্থর ব্যাটিংয়ে পরের ৬ ওভারে দল মাত্র ৪২ রান যোগ করতে পারে। ২৩ বল খেলে তিনি করেন ২৬ রান, স্ট্রাইক রেট ছিল প্রায় ১০০—টি-টোয়েন্টি ক্রিকেটের নিরিখে যা একেবারেই গ্রহণযোগ্য নয়। বল-ব‌্যাটের সংযোগে স্পষ্ট অস্বস্তি দেখা যায় পাকিস্তানি তারকার মধ্যে।

প্রথম ১০ ওভারের পারফরম্যান্স দেখে যেখানে মেলবোর্ন রেনেগেডস ২০০ রানের স্বপ্ন দেখছিল, সেখানে রিজওয়ানের ইনিংসেই কার্যত থমকে যায় স্কোরবোর্ডের গতি। পরিস্থিতির গুরুত্ব বুঝে ১৮তম ওভারের পর টিম ম্যানেজমেন্ট তাঁকে ‘রিটায়ার্ড আউট’ ঘোষণা করে মাঠের বাইরে ডেকে নেয়—যা টি-টোয়েন্টি ক্রিকেটে অত্যন্ত বিরল ও বিতর্কিত সিদ্ধান্ত।

চলতি বিগ ব্যাশে রিজওয়ানের পারফরম্যান্সও রীতিমতো হতাশাজনক। মেলবোর্ন রেনেগেডসের হয়ে ৮ ইনিংসে তিনি করেছেন মাত্র ১৬৭ রান। নেই কোনও অর্ধশতরান, গড় মাত্র ২০.৮৭। তারকা তকমার সঙ্গে এই পরিসংখ্যান একেবারেই বেমানান।

ম্যাচে শেষ পর্যন্ত ডিএলএস পদ্ধতিতে ৪ উইকেটে মেলবোর্ন রেনেগেডসকে পরাজিত করে সিডনি থান্ডার। তবে ম্যাচের ফলাফলের থেকেও বেশি আলোচনায় রয়ে গেল রিজওয়ানের ‘রিটায়ার্ড আউট’—যা বিগ ব্যাশের ইতিহাসে অন্যতম চর্চিত ও লজ্জার মুহূর্ত হয়ে থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.