কন্নড় সুপারস্টার যশের আসন্ন ছবি ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন আপস’–এর টিজার প্রকাশের পর থেকেই তীব্র বিতর্কে উত্তাল দক্ষিণী বিনোদন মহল। টিজারে অতিরিক্ত যৌনতার উপস্থিতি এবং সংবেদনশীল পরিবেশে ঘনিষ্ঠ দৃশ্য দেখানোকে কেন্দ্র করে এবার সরাসরি অভিযোগের পথে হাঁটল কর্ণাটকের মহিলা কমিশন। অভিযোগকারীদের দাবি, এই টিজার কন্নড় সংস্কৃতি ও ভারতীয় নৈতিক মূল্যবোধের পরিপন্থী।
গত ৮ জানুয়ারি টিজার মুক্তির পরই সোশাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সেই দৃশ্য। অভিযোগ, কোনওরকম সতর্কীকরণ বা বয়সসীমা উল্লেখ ছাড়াই প্রাপ্তবয়স্ক বিষয়বস্তু অবাধে অনলাইনে ছড়ানো হচ্ছে। কর্ণাটকের আপ পার্টির মহিলা শাখার বক্তব্য, এতে অপ্রাপ্তবয়স্কদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং নারীদের সামাজিক মর্যাদাও ক্ষুণ্ণ হচ্ছে।
আপ-এর কর্ণাটক রাজ্য সম্পাদক ঊষা মোহন এই প্রসঙ্গে আশঙ্কা প্রকাশ করে জানান, “এ ধরনের অশ্লীল দৃশ্য শিশুদের মনে গভীর প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে সমাজে নারীদের অবস্থানকে হেয় করা হচ্ছে।” এই অভিযোগের ভিত্তিতেই কর্ণাটকের মহিলা কমিশনের কাছে লিখিত আবেদন জমা পড়েছে।
চিঠিতে স্পষ্টভাবে দাবি করা হয়েছে, রাজ্য সরকার ও সেন্সর বোর্ড যেন অবিলম্বে হস্তক্ষেপ করে ‘টক্সিক’-এর টিজারটি নিষিদ্ধ করে এবং সমস্ত সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয়। আবেদনকারীদের মতে, রাজ্যের সাংস্কৃতিক ও নৈতিক মূল্যবোধ রক্ষার জন্য দ্রুত পদক্ষেপ জরুরি।
শুধু রাজনৈতিক মহলই নয়, কন্নড় সমাজকর্মী দীনেশ কাল্লাহাল্লি–ও সেন্সর বোর্ডে পৃথক অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, টিজারটি শালীনতা ও নৈতিকতার সীমা লঙ্ঘন করেছে এবং ভারতীয় সংবিধানের ১৯(১)(ক) অনুচ্ছেদের অধীনে সুরক্ষিত নয়। প্রয়োজনে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
সব বিতর্কের মাঝেই জানা গিয়েছে, ২০২৬ সালের ১৯ মার্চ বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা ‘টক্সিক’-এর। তার আগেই টিজার ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক দক্ষিণী সিনেপাড়ায় নতুন করে উত্তাপ বাড়াল।







