নব্বইয়ের দশকে ভারতীয় টেলিভিশনের সুপারহিরো জগতে বিপুল জনপ্রিয়তা অর্জন করা ‘শক্তিমান’ এবার ফিরছে বড়োপর্দায়। বহুদিন ধরেই এই প্রজেক্ট নিয়ে নানা আলোচনা চলছিল, যেখানে রণবীর সিংয়ের নাম বারবার উঠে এসেছে শক্তিমানের চরিত্রে। তবে সাম্প্রতিক আপডেটে উঠে এসেছে নতুন এক সুপারস্টারের নাম, দক্ষিণী সিনেমার আইকন আল্লু অর্জুন।
বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, শক্তিমানকে আধুনিক প্রযুক্তি এবং আজকের দর্শকের রুচির সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন রূপে উপস্থাপন করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। ছবির নির্মাণে রয়েছে সনি পিকচার্স, যারা আন্তর্জাতিক মানের দুই বড় স্টুডিও এবং গীতা আর্টসের সঙ্গে যৌথভাবে কাজ করছে। এই প্রজেক্টে ভারতের চারটি ভিন্ন চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সংযুক্তি ঘটবে বলে জানা যাচ্ছে। ছবিটির পরিচালনার দায়িত্ব পেতে পারেন ‘মিন্নাল মুরালি’ খ্যাত বেসিল জোসেফ, যিনি সুপারহিরো ঘরানায় তার সৃষ্টিশীলতা এবং দক্ষতার জন্য ইতিমধ্যেই প্রশংসিত হয়েছেন। নির্মাতারা চাচ্ছেন, ভিএফএক্স, আবেগ এবং অ্যাকশনের এক আকর্ষণীয় মিশেলে ছবিটিকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরতে।
এই মুহূর্তে আল্লু অর্জুন ব্যস্ত আছেন অ্যাটলি পরিচালিত একটি উচ্চ বাজেটের ছবির প্রি-প্রোডাকশন নিয়ে, যেখানে তাঁর বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। সেই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০২৭ সালে। ‘শক্তিমান’ নিয়ে নির্মাতাদের এই পরিকল্পনা যদি বাস্তবায়িত হয়, তাহলে এটি হবে ভারতীয় সুপারহিরো ঘরানার এক নতুন অধ্যায়, যেখানে পুরোনো নস্টালজিয়া ও আধুনিক প্রযুক্তি একসঙ্গে মিশে তৈরি করবে এক স্মরণীয় অভিজ্ঞতা।







