শুক্রবার ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেড়িয়ে ফের সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। শুধু সংহতি মিছিলই নয়, প্রসন্ন রায় ও আইএসএফের সভার অনুমতি নিয়েও সরব হন তিনি।
উল্লেখ্য, প্রথম দফায় গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সকালে প্রসন্ন রায়ের ফ্ল্যাট ও বাগানবাড়ি এবং নিউটাউনের অফিসে হানা দেয় ইডি আধিকারিকরা। বেলা গড়ালে সেখান থেকে চলে গেলেও প্রসন্নর নিউটাউনের অফিসে তল্লাশিতে চালাতে থাকেন ইডি। প্রায় ২১ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়ে তিনটি ট্রাঙ্ক ও তিনটি ট্রলিতে করে কাগজপত্র নিয়ে গিয়েছেন তাঁরা। এই বিষয়ে দিলীপের উবাচ, ‘আগে তার বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া যায়নি। তাই আগের বার তিনি জামিন পেয়েছিলেন। কিন্তু ইডি মনে করছে আরও তথ্য প্রমাণ পাওয়া যাবে। তাই ফের তদন্ত হচ্ছে। জাল এতো বড় যে কে যুক্ত আর কে নয়, অনেকে অজান্তে যুক্ত হয়ে পড়েছে। কে সুবিধা পেয়েছে কে পায়নি, এভাবেই বিশাল বিস্তার হয়েছে। তার কিনারা খোঁজার চেষ্টা চলছে’।
ভিক্টোরিয়া হাউসের সামনে আইএসএফের সভার অনুমতি পাওয়া প্রসঙ্গে বিজেপি সাংসদের সংযোজন, ‘সবাইকে আদালতে যেতে হয়। কারণ এখানে সরকার বলে কিছু নেই। আমরা খুঁজে পাইনা সরকার কোথায় আছে। অনুমতি কে দেবে? পুলিশ কোথায়? টাকা তুলতে চাঁদা তুলতে আর ফুটবল খেলতে ব্যস্ত। প্রশাসন কে চালাবে? কোর্ট আছে। ভালো মন্দ যাই হোক কোর্টের কাছেই বিরোধীদের যেতে হয়। তৃণমূলের নেতা খুন হলেও পুলিশে ভরসা না রেখে কোর্টে যেতে হয়’।







