রাজনীতি

নন্দীগ্রামে তৃণমূলের দুর্গে ভাঙন, সমবায় নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ দখল

নন্দীগ্রামের গাংড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে শাসকদল তৃণমূল কংগ্রেসকে কার্যত ধুয়েমুছে সাফ করে নিরঙ্কুশ জয় পেল বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত এই নির্বাচনে মোট ৯টি আসনের সবকটিতেই জয়ী হয়েছেন বিজেপি সমর্থিত প্রার্থীরা। ৫৪৩ জন ভোটারের এই সমবায় নির্বাচনে একটি আসনও দখল করতে পারেনি তৃণমূল। বাম ও কংগ্রেস প্রার্থীরাও কোনো প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছেন।

ফল প্রকাশের পরই এলাকাজুড়ে বিজয় মিছিল বের করে উল্লাসে মেতে ওঠেন বিজেপি কর্মী-সমর্থকরা। পদ্ম পতাকা হাতে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গাংড়া ও আশপাশের এলাকা।

এদিকে, ফল ঘোষণার পর তৃণমূলের এক নেতাকে ঘিরে বিক্ষোভের ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে সতর্ক থাকতে দেখা যায়।

স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর “মাঠের লড়াই ও সাংগঠনিক শক্তি”-র ফলেই এই বিপুল সাফল্য এসেছে। তাঁদের মতে, এই জয় শুধু একটি সমবায় নির্বাচনেই সীমাবদ্ধ নয়, বরং আগামী বিধানসভা নির্বাচনের আগে বুথ স্তরের কর্মীদের মনোবল বহুগুণ বাড়িয়ে দেবে।

রাজনৈতিক মহলের একাংশের মতে, নন্দীগ্রামের মতো প্রতীকী ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকায় তৃণমূলের এই শোচনীয় পরাজয় শাসকদলের কাছে স্পষ্ট সতর্কবার্তা। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এই ফল রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

নন্দীগ্রামের এই ফলাফল ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র আলোচনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.