বাজেট অধিবেশনের মাঝেই , লোকসভার স্পিকার ওম বিড়লাকে কেন্দ্র করে শাসক বিরোধী সংঘাত আরো তীব্র হলো। লোকসভার স্পিকারের বিরুদ্ধে , কংগ্রেস সহ বিরোধী ইন্ডিয়া জোট অনাস্থা প্রস্তাব আনতে চায় । পাল্টা জবাবে , এবার বিজেপি , স্পিকারকে গালিগালাজের অভিযোগ তোলে কংগ্রেসের বিরুদ্ধে !
কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজুর অভিযোগ , স্পিকার ওম বিড়লাকে গালিগালাজ করেছে কংগ্রেস । তার অভিযোগ , স্পিকারের ঘরে ঢুকে কংগ্রেসের ২০ থেকে ২৫ জন সাংসদ মিলে স্পিকারকে গালিগালাজ করে । এমনকি তার অভিযোগ , প্রিয়াঙ্কা গান্ধী এবং মল্লিকার্জুন খাড়্গেও সংসদে উস্কানি দেন ।
কিরণ রিজিজু এদিন বলেন , “২০-২৫ জন কংগ্রেসের সাংসদ মিলে স্পিকারের ঘরে ঢোকেন, আমিও ওখানে তখন ছিলাম। তাঁরা যা গালিগালাজ করেছেন, তা বর্ণনা করার মতো নয়। স্পিকার নরম মনের মানুষ, নাহলে আরও কঠোর পদক্ষেপ করতে পারতেন। এটা কোনও পদ্ধতি হল?”
কেন্দ্রীয় মন্ত্রী আরো বলেন , “কংগ্রেস সাংসদরা যখন স্পিকারের ঘরে ঢুকে গালিগালাজ করছিলেন, তখন মল্লিকার্জুন খাড়্গে, প্রিয়ঙ্কা গান্ধীর মতো সিনিয়র নেতারাও ছিলেন। তারাও উসকানি দিচ্ছিলেন। আমাদের সাংসদরা খারাপ ব্যবহার করলে, আমাদের নেতারা তো বারণ করবেন যে এইরকম আচরণ করো না। উল্টে ওঁরা উসকানি দিচ্ছিলেন যে আরও ঝগড়া করো।”







