নাগরিকত্ব নিয়ে একটুও সন্দেহ থাকলে , নাম থাকবে না ভোটার তালিকায় ! জাতীয় নির্বাচন কমিশনের তরফে এমনটাই জানানো হয়েছে সুপ্রিম কোর্টে । তবে জাতীয় নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী , শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এই এসআইআর সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন অবস্থান স্পষ্ট করে বলেন যে নাগরিকত্ব নিয়ে নিশ্চিত কোনো তথ্য না পাওয়া যাওয়ার কারণে ,কোনও ব্যক্তির নাম ভোটার তালিকায় না রাখার সিদ্ধান্ত যদি ERO নেন, তার মানে এই নয় যে , সেই ব্যক্তি ভারতীয় নাগরিক নন। কারণ কেন্দ্রীয় সরকারই পারে , নাগরিকত্ব নিয়ে , চূড়ান্ত কিছু বলতে ।
উল্লেখ্য , এই ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা সংক্রান্ত শুনানির সময় সুপ্রিম কোর্টের বিচারপতি কমিশনের আইনজীবীর কাছে এও জিজ্ঞেস করেন যে, কেন্দ্র সরকারের তরফে যতক্ষণ না পর্যন্ত কোনও ব্যক্তির নাগরিকত্ব নির্ধারণ করা হচ্ছে , ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কিনা ?
উত্তরে কমিশনের আইনজীবী আদালতে জানান, এই SIR প্রক্রিয়ায় নাগরিকত্ব খতিয়ে দেখার মূল উদ্দেশ্যই হলো যাদের নাগরিকত্ব প্রমাণিত হচ্ছে না , তাদের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ যায় , সেটা নিশ্চিত করা। তবে , কোনো ব্যক্তির নাগরিকত্ব কেড়ে নেওয়া বা ডিপোর্ট করার অধিকার জাতীয় নির্বাচন কমিশনের কাছে নেই। উল্লেখ্য , বাংলার SIR সংক্রান্ত শুনানি প্রক্রিয়ার আগামী তারিখ ১৫ জানুয়ারি । সেদিন ফের প্রধান বিচারপতির কোর্টে এই মামলার শুনানি শুরু হবে।







