‘আমি নির্দোষ, আমাকে ফাঁসিয়েছে বিজেপি। দল আমার সঙ্গে আছে।’ দু’দিনের মধ্যে পুরো বিষয় স্পষ্ট হয়ে যাবে, এহেন দাবি জ্যোতিপ্রিয় মল্লিকের।
রেশন বণ্টন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিককে টানা জিজ্ঞাসাবাদ করে চলেছেন তদন্তকারীরা। এবার সরাসরি মিডিয়ার মুখোমুখি হয়ে তাঁর দাবি তিনি নির্দোষ। যদিও রেশন দুর্নীতিতে গ্রেফতার বাকিবুর রহমানের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মন্ত্রীকে জেরা করে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জ্যোতিপ্রিয়র উক্তি, ‘মমতাদি-অভিষেক সব জানেন। দল আমার সঙ্গে রয়েছে।’
উল্লেখ্য, গত সপ্তাহে শুক্রবার ভোর ৩টে নাগাদ জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যায় ইডি। রেশন দুর্নীতির তদন্তে গত সপ্তাহের বৃহস্পতিবার ভোর ৬টা থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের বিধাননগরের বাড়ি-সহ মোট ৮ জায়গায় তল্লাশি শুরু করেছিলেন ইডি আধিকারিকরা। পরে জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করে ইডি।







