বাংলায় নির্বাচনী প্রচারে এসে , ফের ভুল উচ্চারণ করে বিতর্কে , দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । সোমবার রবীন্দ্রনাথের বোলপুরের মাটিতে দাঁড়িয়েই , রবীন্দ্রসঙ্গীতকে ভুল উচ্চারণ করে ‘ রবিশঙ্কর ‘ বলে বসলেন তিনি । বিজেপির তরফে সংকল্পপত্র পেশ করার সময়ও, রানি রাসমণিকে ‘ রানি রাসমতী ‘ উচ্চারণ করা হয় । আর সোমবার ফের ভুল উচ্চারণ করে , তৃণমূলের কটাক্ষের মুখে অমিত শাহ ।
রবীন্দ্র সঙ্গীতকে সারা দেশে প্রসিদ্ধ করার জন্য , গায়িকা সাহানা বাজপেয়ীকে ধন্যবাদ জানাতে গিয়ে এদিন অমিত শাহ ‘রবীন্দ্রসঙ্গীত’ বলতে গিয়ে হোঁচট খেয়ে ‘রবিশঙ্কর’ বলে ফেলেন । আর তারপরই বিতর্ক ছড়িয়ে পড়ে । নিজেদের সমাজ মাধ্যমে , অমিত শাহের উচ্চারণ বিভ্রাটের এই ভিডিওটি পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস ।
ভিডিও পোস্ট করে , তৃণমূল কংগ্রেস লেখে , “পণ্ডিত রবিশঙ্কর ছিলেন একজন সেতারের জাদুকর এবং ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ প্রবক্তা। অন্যদিকে
রবীন্দ্রসংগীত হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ও সুর করা গানের সংকলন, যিনি বাংলার সাংস্কৃতিক পরিচয়ের আত্মা।
অমিত শাহ যে জনতাকে প্রভাবিত করার চেষ্টা করছিলেন, তাদের সামনে এই দুটোকে মিশিয়ে দিয়েছেন। আর এরাই সেই লোক যারা ‘সোনার বাংলা’-র প্রতিশ্রুতি নিয়ে বাংলায় আসে।
বাংলার সংস্কৃতি আপনার প্রচারণার কোনো উপকরণ নয়। আর বাংলা এই অপমান ক্ষমা করবে না। “







