প্রথমে জগন্নাথ মন্দির , তারপর দুর্গা অঙ্গন আর এবার মহাকাল মন্দির । শিলিগুড়িতে শুক্রবারই মহাকাল মন্দিরের শিলান্যাস করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এর মাধ্যমে পাহাড়ের ঐতিহ্য এবং সমতলের ঐতিহ্যের মধ্যে গভীর মেলবন্ধন হবে বলেই মত মমতার । এই মন্দিরের মূর্তি , বিশ্বের উচ্চতম মহাকাল মূর্তি হতে চলেছে বলেই জানান তিনি ।
• মহাকাল মন্দিরের মূর্তিটি ২১৬ ফুট উঁচু হবে। যার মধ্যে যে ভিত্তির ওপর মূর্তি তৈরি হবে , তার উচ্চতা হবে ১০৮ ফুট এবং ব্রোঞ্জের মূর্তিটির উচ্চতা হবে ১০৮ ফুট ।
• যে ১০৮ ফুট উঁচু মূর্তিটি হবে , তার মধ্যে দোতলা মহাকাল মিউজিয়াম এবং সংস্কৃতি হলও তৈরি হবে ।
• মন্দির চত্বরে পূর্ব ও পশ্চিম দিকে দুটি নন্দীগৃহ থাকবে । পাশাপাশি , মন্দিরের চত্বরের সীমানা বরাবর অভিষেক লিঙ্গ থাকবে ১২ টি , এবং ১২ টি ভারতের জ্যোতিরলিঙ্গ গুলিরও প্রতিরূপ থাকবে ।
• শিবালয়ের রীতি অনুযায়ী চারদিকে চার দেবতার মূর্তি অর্থাৎ দক্ষিণ পশ্চিমে গণেশ , উত্তর পশ্চিমে কার্তিক , উত্তরপূর্বে শক্তি এবং দক্ষিণ পূর্বে বিষ্ণু নারায়ণের মূর্তি থাকবে ।
• মহাকাল মন্দিরটি পুরোটাই মহাকালের কাহিনী , মহিমা পাথরের শিল্পকর্ম এবং ফ্রেস্কো পেইন্টিং এ সাজিয়ে তোলা হবে ।
• মন্দিরে রুদ্রাক্ষ কুণ্ড ও অমৃত কুণ্ডও থাকবে , যেখান থেকে আগত ভক্তরা পবিত্র জল বাড়ি নিয়ে যেতে পারবেন । পাশাপাশি মন্দিরের ভিতর প্রসাদ বিতরণ কেন্দ্র , ক্যাফেটেরিয়া , ডালা কমপ্লেক্সও থাকবে ।
জানা গিয়েছে মন্ত্রিসভার বৈঠকে প্রথমে মহাকাল মন্দির নির্মাণের জন্য প্রস্তাব গৃহীত হয়। তারপর চূড়ান্ত অনুমোদন মিললে , মুখ্যমন্ত্রী একটি ট্রাস্ট গঠন করেন । শিলিগুড়ির
পাশেই উজানু মৌজায় মাটিগাড়া ব্লকের পাথরঘাটা গ্রামে তৈরি হতে চলেছে মন্দির। এই মন্দিরের জমির পাশেই থাকছে রেললাইন ও চামটা নদী । ১৭.৪১ একর জমির ওপর নির্মিত হতে চলেছে এই মন্দির । মন্দির দর্শন করতে পারবেন এক লক্ষ মানুষ ।
কিছু সময় পূর্বে , দার্জিলিং এ দুর্যোগ পরিস্থিতি পরিদর্শন করতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে গিয়েই দার্জিলিং এর মহাকাল মন্দির পরিদর্শনের পর , শিলিগুড়িতেও মহাকাল মন্দির নির্মাণের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী । মুখ্যমন্ত্রী সেদিন বলেছিলেন , “শিলিগুড়ির ডিএমকে একটা জমি দেখতে বলেছি। সেখানে কনভেনশন সেন্টার হবে। তারপাশেই তৈরি করা হবে মহাকাল মন্দির। এখানে সবচেয়ে বড় শিব রাখা হবে। করতে হয়ত একটু সময় লাগবে। টাস্ট্রি বোর্ড গঠন করতে হবে। সরকার বিনামূল্যেই জমি দেবে।”







