ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে বেলডাঙায় চরম অশান্তি। রেললাইন, জাতীয় সড়ক অবরোধ করে চলছে বিক্ষোভ। এই নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরে যাবার আগে দমদম বিমানবন্দরে পৌঁছে বক্তব্য রাখার সময় তিনি বলেন , “সংখ্যালঘুদের ক্ষোভ বৈধ।” আবারো ভিনরাজ্যে বাঙালী পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে ক্ষোভপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা এই ঘটনাটির তদন্ত শুরু করেছি। আমরা মামলা করেছি। পরিযায়ী শ্রমিকদের সাহায্যও করেছি। আপনারা শান্ত থাকুন। ধৈর্য ধরুন। আর যাঁদের ডাকছে তাঁরা ফর্ম জমা দেবেন। দয়া করে দরখাস্ত জমা দিন। আদালতে মামলা হয়েছে। ভরসা রাখুন। আশা করি মানুষ সুবিচার পাবে।” বিজেপিকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন , “যা হচ্ছে এগুলি অন্যায়। বিজেপি শাসিত রাজ্যগুলিতেই মূলত হচ্ছে। তারপর কী করে ভাবছে বিজেপি বাংলার মানুষের সমর্থন পাবে? নির্লজ্জের দল একটা।”
মমতা বলেন, “বেলডাঙায় জানেন কাদের প্ররোচনা আছে। আমি কিছু বলতে চাই না। ফ্রাইডে জুম্মাবার। পবিত্র বার। যেমন শিবেরও বার। দুর্গার বার। সন্তোষী মাতার বার। জুম্মার নমাজ হয়। ধরুন দুর্গাপুজো দেখতে এসেছেন কোটি কোটি লোক। তাঁদের মাঝে যদি মাইক লাগিয়ে দেন তাহলে সবাই শুনবে। ফ্রাইডে জুম্মাবার এমনিই সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে। সেখানে সবাই ফ্রাইডের জুম্মাবার নমাজ পড়তে এসেছে। যদি কেউ কেউ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে উসকে দেয়। সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক। আমিও এর জন্য ক্ষুব্ধ।”
পাশাপাশি শুক্রবার আবারো এসআইআর নিয়ে ক্ষোভ উগড়ে দেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন , “তাদের একতরফা বাদ দিতে পারে না। মতুয়া, রাজবংশী, আদিবাসীদের বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে। প্রতিদিন হোয়াটসঅ্যাপে নির্দেশ বদলাচ্ছে। বিএলওরা চাপে পাগল হয়ে যাচ্ছেন। ইতিমধ্যে ১০০ জনের মতো মারা গিয়েছেন। এরা ইচ্ছা করে বাংলায় দাঙ্গা লাগাতে এসেছে। বিজেপির পরিকল্পনা এটা। নিজেরা ভোটে পারবে না তাই ঘোঁট পাকাচ্ছে। করছে লুট, বলছে ঝুট।সংখ্যালঘু ভাইবোনেদের বলব এসব করবেন না। শান্ত থাকুন। আমরা সবসময় আপনাদের পাশে আছি।”







