গতবারের আইপিএল জয়ের আনন্দ চিন্নাস্বামী স্টেডিয়ামে যে এমন ভয়াবহ বিষাদে পরিণত হবে, তা কেউ কল্পনাও করতে পারেনি। বিরাট কোহলিদের ট্রফি উদযাপনের ভিড়ে পিষ্ট হয়ে ১১ জন ভক্তের মৃত্যু আজও বেঙ্গালুরুবাসীর মনে দগদগে ক্ষত হয়ে আছে। সেই ঘটনার পর থেকেই চিন্নাস্বামীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল, এমনকি মাঠটির ওপর এক প্রকার অঘোষিত নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এবার সেই কলঙ্ক মুছতে এবং দর্শকদের সুরক্ষা নিশ্চিত করতে কোমর বেঁধে নামছে আরসিবি কর্তৃপক্ষ।
নিরাপত্তা ব্যবস্থাকে নিশ্ছিদ্র করতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ (AI)-এর সাহায্য নিচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কর্নাটক ক্রিকেট সংস্থার কাছে তারা প্রস্তাব দিয়েছে যে, স্টেডিয়াম জুড়ে ৩০০ থেকে ৩৫০টি অত্যাধুনিক এআই ক্যামেরা বসানো হবে। প্রায় ৪.৫ কোটি টাকা খরচ করে বসানো এই প্রযুক্তি ভিড়ের গতিবিধি বিশ্লেষণ করবে এবং কোথাও অস্বাভাবিক জটলা তৈরি হলে সঙ্গে সঙ্গে সতর্কবার্তা পাঠাবে। শুধু তাই নয়, অডিও এবং ভিডিও স্ক্যানিংয়ের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের চিহ্নিত করা এবং বিনা অনুমতিতে প্রবেশ রোখার কাজও করবে এই ডিজিটাল নজরদারি। এই বিশেষ প্রযুক্তির জন্য আরসিবি ইতিমধ্যেই একটি নামী আইটি সংস্থার সঙ্গে হাত মিলিয়েছে।
তবে প্রযুক্তির এই দাপাদাপির মাঝেও একটা বড় ধোঁয়াশা রয়ে গেছে আরসিবি কি আদৌ তাদের চেনা মাঠে ফিরবে? যদিও কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, আইপিএল বেঙ্গালুরুতেই হবে এবং মানুষ তাদের প্রিয় দলকে ঘরের মাঠে দেখার সুযোগ হারাবে না; কিন্তু আরসিবি ম্যানেজমেন্টের ভাবনা কিছুটা আলাদা। সূত্রের খবর, গতবারের তিক্ত অভিজ্ঞতার পর তারা বিকল্প মাঠের সন্ধানে রয়েছে। শোনা যাচ্ছে, হোম ম্যাচ খেলার জন্য ছত্তিশগড়ের রায়পুর অথবা নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামকে প্রথম পছন্দ হিসেবে রাখছে তারা। এখন দেখার, ৪.৫ কোটির এই ‘এআই’ সুরক্ষা কবচ কি শেষমেশ আরসিবি-কে চিন্নাস্বামীতে ফিরিয়ে আনতে পারবে? না কি কোহলিদের ঘরের মাঠ হিসেবে অন্য কোনো শহরকে মেনে নিতে হবে ভক্তদের।







