খেলাধুলা

মেলবোর্নে সেই পুরনো ম্যাজিক! ক্যাসপার রুডকে হারিয়ে রাজকীয় কামব্যাক ফেডেরারের

টেনিস প্রেমীদের জন্য এর চেয়ে বড় উপহার আর কী-ই বা হতে পারে! দীর্ঘ পাঁচ বছরের বিরতি কাটিয়ে নীল কোর্টে আবারও সেই চেনা ছন্দ, সেই রাজকীয় মেজাজ। শুক্রবার মেলবোর্নের রড লেভার এরিনায় পা রাখতেই যেন ঘড়ির কাঁটা কয়েক বছর পিছিয়ে গেল। দর্শকদের গগনবিদারী চিৎকারের মাঝেই অস্ট্রেলিয়ান ওপেনের মঞ্চে প্রত্যাবর্তন করলেন টেনিস সম্রাট রজার ফেডেরার। শুধু ফেরাই নয়, প্রদর্শনী ম্যাচে ক্যাসপার রুডকে টাইব্রেকারে হারিয়ে বুঝিয়ে দিলেন, ৪৪ বছরেও কবজির জাদু ফুরিয়ে যায়নি।

২০২২ সালে পেশাদার টেনিসকে বিদায় জানানো ফেডেরার এবার অস্ট্রেলিয়ান ওপেনে এসেছেন বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে আয়োজিত এই প্রীতি ম্যাচে বর্তমান বিশ্বের অন্যতম সেরা তারকা রুডের মুখোমুখি হয়েছিলেন তিনি। যদিও এটি কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ ছিল না, তবুও ফেডেরারের সেই নিখুঁত ব্যাকহ্যান্ড আর চেনা স্ম্যাশ দেখে মনেই হচ্ছিল না যে তিনি চার বছর আগে র‍্যাকেট তুলে রেখেছেন। টাইব্রেকারে ৭-২ ব্যবধানে রুডকে হারিয়ে সমর্থকদের পুরনো স্মৃতি ফিরিয়ে দিলেন ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক।

আগামীকাল অর্থাৎ ১৭ জানুয়ারি শনিবার থেকে শুরু হচ্ছে বছরের প্রথম এই মেগা টুর্নামেন্ট। উদ্বোধনের বিশেষ আকর্ষণে ফেডেরারের সঙ্গে কোর্ট শেয়ার করবেন আন্দ্রে আগাসি এবং লেটন হিউইটের মতো টেনিস দুনিয়ার কিংবদন্তিরা। নিজের প্রিয় আঙিনায় ফিরতে পেরে উচ্ছ্বসিত ফেডেরার নিজেও। তিনি জানান, অস্ট্রেলিয়ান ওপেন বরাবরই নতুন কিছু করার জন্য পরিচিত, আর এমন এক ঐতিহাসিক আয়োজনের অংশ হতে পারাটা তাঁর কাছে অত্যন্ত গর্বের।
মেলবোর্ন পার্কের এই নীল কোর্ট ফেডেরারের কাছে অত্যন্ত পয়া। এখানে ছ’বার চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। বিশেষ করে ২০১৭ সালে চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালকে হারিয়ে তাঁর সেই অবিস্মরণীয় জয় আজও টেনিস ইতিহাসের পাতায় সোনালি অক্ষরে লেখা। ছয় বছর আগে শেষবার এই টুর্নামেন্টে খেলতে নেমে সেমিফাইনালে জকোভিচের কাছে হেরেছিলেন তিনি। এবার প্রতিযোগী হিসেবে না হলেও, তাঁর উপস্থিতিই যেন গোটা টুর্নামেন্টের জেল্লা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.