ভারতের বিরুদ্ধে আসন্ন বর্ডার-গাভাস্কার ট্রফিকে “বড় ব্যাপার” বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ২২ নভেম্বর পার্থে শুরু হতে যাওয়া এই ঐতিহাসিক সিরিজে ভারতকে হারানোর লক্ষ্যে আত্মবিশ্বাসী কামিন্স। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওডিআই বিশ্বকাপ, ও অ্যাশেজ জয় করলেও, ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জয় এখনও অধরা অস্ট্রেলিয়ার এই ৩১ বছর বয়সী অধিনায়কের।
কামিন্স বলেন, “এই জয় আমার জন্য অনেক বড় বিষয়। বিশেষ করে ঘরের মাটিতে জয়টা আমাদের প্রত্যাশিত। বেশিরভাগ অস্ট্রেলিয়ানরাই আশা করেন যে আমরা দেশের মাটিতে দুর্দান্ত পারফর্ম করব।” ৬২ টেস্ট খেলা কামিন্সের এই আত্মবিশ্বাসী মন্তব্যে বোঝা যায়, তাদের দল এখন ভালো অবস্থানে রয়েছে এবং তারা ভালো কিছু করে দেখাতে চায়।
২০১৪-১৫ সাল থেকে অস্ট্রেলিয়া ভারতকে বর্ডার-গাভাস্কার ট্রফিতে হারাতে পারেনি। ভারত তাদের শেষ চারটি সিরিজ জিতে নিয়েছে, যার মধ্যে দুইবার অস্ট্রেলিয়ার মাটিতেই তাদের হারিয়েছে। এ প্রসঙ্গে কামিন্স বলেন, “গত দুই সিরিজে আমরা হেরেছি, তাই এবার আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। তবে দল ভালো অবস্থায় রয়েছে, তাই ভালো করার কারণ নেই।”
ভারত সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ডের কাছে ঘরের মাটিতে পরাজিত হওয়ায় কিছুটা চাপে আছে। তাছাড়া অধিনায়ক রোহিত শর্মা এবং তারকা ব্যাটার বিরাট কোহলিও রানে নেই। এ পরিস্থিতিকে ইতিবাচকভাবে দেখছেন কামিন্স। তিনি বলেন, “প্রতিপক্ষ যখন চাপে থাকে, তখন সেটা আমাদের জন্য ভালো সুযোগ।”







