দেশ

ওড়িশার গঞ্জামে ইডি হানা: অবৈধ বালি–পাথর চক্রে কোটি কোটি কালো টাকা, মনে পড়াল পার্থ–অর্পিতা মামলা

ভুবনেশ্বর: ওড়িশার গঞ্জাম জেলায় অবৈধ বালি ও কালো পাথর উত্তোলন ও বিক্রির সঙ্গে যুক্ত একটি চক্রের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) সাম্প্রতিক অভিযানে ফের সামনে এল বিপুল অঙ্কের কালো টাকার ছবি। ভুবনেশ্বর জোনাল অফিসের নেতৃত্বে প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ) অনুযায়ী জেলার একাধিক জায়গায় একযোগে তল্লাশি চালিয়ে আলমারি ও স্টিলের ক্যাবিনেট থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা।

ইডি সূত্রে জানা গিয়েছে, নগদের পাশাপাশি উদ্ধার হয়েছে বেনামি বিলাসবহুল গাড়ি, স্থাবর সম্পত্তির নথি, খনির লিজ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং বিপুল পরিমাণ সন্দেহজনক দলিল। ইতিমধ্যেই এই সমস্ত নথি ও সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রায় ১০০ জন আধিকারিক নিয়ে পাঁচটিরও বেশি ইডি দল এই অভিযানে অংশ নেয় এবং শনিবারও একাধিক জায়গায় তল্লাশি অভিযান চলেছে।

গঞ্জামে ইডির এই অভিযানের ছবি অনেককেই মনে করিয়ে দিচ্ছে ২০২২ সালের জুলাই মাসে পশ্চিমবঙ্গে হওয়া পার্থ চট্টোপাধ্যায়–অর্পিতা মুখোপাধ্যায় মামলার সেই নজিরবিহীন তল্লাশির কথা। ওই বছরের ২২ জুলাই টালিগঞ্জের ডায়মন্ড সিটি আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা, সঙ্গে ৫৬ লক্ষ টাকার বিদেশি মুদ্রা এবং ৭৬ লক্ষ টাকার সোনার গয়না। তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গে পাঁচ দিনের মাথায় বেলঘরিয়ার ‘ক্লাব টাউন হাইটস’-এ অর্পিতার নামে থাকা আরও দুটি ফ্ল্যাটে অভিযান চালায় ইডি। সেখান থেকে উদ্ধার হয় আরও ২৭ কোটি ৯০ লক্ষ টাকা নগদ ও ৪ কোটি ৩১ লক্ষ টাকার সোনা।

টালিগঞ্জ ও বেলঘরিয়া মিলিয়ে অর্পিতার ফ্ল্যাটগুলি থেকে মোট নগদ ৫০ কোটি ৩৬ লক্ষ টাকা এবং ৫ কোটি ৭ লক্ষ টাকার সোনার গয়না উদ্ধার হয়েছিল। অর্থাৎ টাকা ও সোনা মিলিয়ে উদ্ধারকৃত সম্পত্তির পরিমাণ দাঁড়ায় ৫৫ কোটি ৪৩ লক্ষ টাকা। পাশাপাশি, পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়ি থেকেও একাধিক সম্পত্তির নথির খোঁজ পেয়েছিল ইডি।

গঞ্জামের সাম্প্রতিক অভিযানে এখনও চূড়ান্তভাবে উদ্ধার হওয়া নগদ ও সম্পত্তির পরিমাণ প্রকাশ করা হয়নি। তবে ইডি সূত্রের দাবি, শুধুমাত্র একটি আলমারি থেকেই প্রায় ২ থেকে আড়াই কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে। অভিযানে গঞ্জাম জেলার বিজেডি-র এক নেতার নামও উঠে এসেছে বলে জানা যাচ্ছে। তদন্ত শেষ হলে সম্পূর্ণ হিসাব ও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংস্থা।

তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, গঞ্জামে বিপুল সম্পত্তি উদ্ধার হলেও পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধরা পড়া আর্থিক অনিয়মের ব্যাপকতার সঙ্গে এর তুলনা এখনও টানা যাচ্ছে না। এখন নজর, অভিযানের শেষে গঞ্জামে উদ্ধার হওয়া কালো টাকার অঙ্ক পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে পাওয়া নগদের রেকর্ড ছুঁতে পারে কি না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.