বাড়িতে ছোট সন্তান থাকলে আধার কার্ড সংক্রান্ত এই খবরটি জেনে রাখা জরুরি। শিশুদের আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য আপডেট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে আধার নিয়ামক সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া বা UIDAI।
UIDAI-এর নিয়ম অনুযায়ী, কোনও শিশুর আধার কার্ড তৈরি হওয়ার পর পাঁচ বছর বয়স পূর্ণ হলে প্রথমবার বায়োমেট্রিক আপডেট করাতে হয়। এরপর ১৫ বছর বয়সে ফের একবার এই আপডেট করা বাধ্যতামূলক। এই প্রক্রিয়ায় শিশুর নতুন ছবি, আঙুলের ছাপ এবং আইরিশের তথ্য সংগ্রহ করা হয়।
বর্তমানে ৫ থেকে ৭ বছর বয়সী শিশু এবং ১৫ থেকে ১৭ বছর বয়সী কিশোর-কিশোরীদের জন্য বায়োমেট্রিক আপডেট সম্পূর্ণ বিনামূল্যে করার সুযোগ রয়েছে। পাশাপাশি, ৭ থেকে ১৫ বছর বয়সীদের ক্ষেত্রেও নির্দিষ্ট সময়ের জন্য কোনও খরচ ছাড়াই এই আপডেট করানো যাবে। তবে এই সুবিধা চিরস্থায়ী নয়। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে বায়োমেট্রিক আপডেটের সুযোগ পাওয়া যাবে। এরপর আপডেট করাতে গেলে নির্ধারিত ফি দিতে হতে পারে।
তাই সন্তানের আধার কার্ডে বায়োমেট্রিক আপডেট এখনও না হয়ে থাকলে, নির্ধারিত সময়সীমার মধ্যেই তা করিয়ে নেওয়া যেতে পারে।
কেন ৫ ও ১৫ বছর বয়সে আধারের বায়োমেট্রিক আপডেট জরুরি?
শিশুর ছোট বয়সে যখন প্রথম আধার তৈরি করা হয়, তখন সাধারণত ছবি ও প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করা হলেও বায়োমেট্রিক তথ্য নেওয়া হয় না। পাঁচ বছর বয়স পূর্ণ হওয়ার পর শিশুর ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ স্ক্যান এবং নতুন ছবি আধার ব্যবস্থায় যুক্ত করা হয়। পরে ১৫ বছর বয়সে আবার এই তথ্য আপডেট করা হয়। এর ফলে বয়স বাড়ার সঙ্গে শিশুর পরিবর্তিত বায়োমেট্রিক তথ্য আধার রেকর্ডে সঠিকভাবে নথিভুক্ত থাকে।







