দিল্লি ও এনসিআর জুড়ে সমস্ত পথকুকুরকে সরিয়ে দেওয়ার জন্য আট সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালতের নির্দেশে বলা হয়, রাজধানী দিল্লি, নয়ডা, গুরুগ্রাম, গাজিয়াবাদ ও ফরিদাবাদের আবাসিক এলাকা থেকে সব বেওয়ারিশ কুকুরকে সরিয়ে ডগ শেল্টারে স্থানান্তর করতে হবে। আদালত আরও স্পষ্ট করে জানায়, এই প্রক্রিয়ায় কেউ বাধা দিলে তা আদালত অবমাননা হিসেবে গণ্য হবে।
এই রায়ের পেছনে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে কুকুরের কামড়ে জলাতঙ্ক আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি। সরকারি পরিসংখ্যান বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দিল্লিতে কুকুরের কামড়ে আক্রান্তের সংখ্যা ৩৫,১৯৮, যার মধ্যে ৪৯ জন জলাতঙ্কে আক্রান্ত হয়েছেন। সম্প্রতি ছয় বছরের এক শিশুর মৃত্যুতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়।
আবাসিক কল্যাণ সমিতি নির্দেশকে স্বাগত জানালেও, বিপুল সংখ্যক পথকুকুর সরানো ও তাদের জন্য পর্যাপ্ত ডগ শেল্টার তৈরি করতে প্রয়োজনীয় তহবিল ও অবকাঠামোর অভাব নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে পশুপ্রেমীরা এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছেন।
বিতর্কের মাঝেই সুপ্রিম কোর্টে বিষয়টি ওঠে প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের সামনে। আগের নির্দেশ ও সামাজিক প্রতিক্রিয়া পর্যালোচনা করে তিনি জানান, “আমি বিষয়টি খতিয়ে দেখব।” ফলে, আদালতের নির্দেশ পুনর্বিবেচনার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে।







