পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন আবেদনের শুনানি পিছিয়ে দিল কলকাতা হাই কোর্ট। নিয়োগ দুর্নীতির এক মামলায় তিনি হাই কোর্টে আবেদন করেছিলেন। বুধবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে শুনানি হওয়ার কথা থাকলেও, কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল উপস্থিত না থাকায় সিবিআই অতিরিক্ত সময় চায়। আদালত সেই আর্জি মঞ্জুর করে জানায়, আগামী ১ সেপ্টেম্বর হবে পরবর্তী শুনানি।
২০২২ সালের জুলাই মাসে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থকে গ্রেফতার করে ইডি। পরে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগসহ একাধিক মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে। ইডির পাশাপাশি সিবিআইও এই মামলায় তদন্ত শুরু করে এবং আলাদা মামলায় তাঁকে গ্রেফতার করে। তদন্তকারীদের দাবি, একাধিক নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
প্রসঙ্গত, ২০২২ সালে পার্থের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে প্রায় ৫০ কোটি টাকার বেশি নগদ উদ্ধার হয়, যা বড়সড় চাঞ্চল্য সৃষ্টি করেছিল। এরপরই দুজনকে গ্রেফতার করা হয়। গত বছর ডিসেম্বরে সুপ্রিম কোর্ট ইডির মামলায় তাঁর জামিন দিলেও, সিবিআইয়ের মামলায় জামিন না পাওয়ায় তিনি এখনও জেলবন্দি রয়েছেন।







