দেশবিদেশ

খলিস্তান ইস্যুর বরফ গলছে, নিরাপত্তা সহযোগিতায় নতুন অধ্যায় শুরু ভারত–কানাডা সম্পর্কের

খলিস্তান ইস্যুকে ঘিরে দীর্ঘদিনের কূটনৈতিক টানাপোড়েনের পর ধীরে ধীরে সম্পর্ক স্বাভাবিক করার পথে হাঁটছে ভারত ও কানাডা। নিজ্জর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল, তার মাঝেই নিরাপত্তা সহযোগিতা জোরদার করার সিদ্ধান্ত নিল দুই দেশ।

সদ্য অটোয়ায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং কানাডার নিরাপত্তা উপদেষ্টা নাথালি ড্রুইনের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকেই জাতীয় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে একাধিক সিদ্ধান্তে সম্মত হয়েছে দুই পক্ষ।

বৈঠকের পর ভারত ও কানাডা যৌথভাবে ঘোষণা করেছে, মাদক পাচার, আন্তঃদেশীয় অপরাধী চক্র এবং পারস্পরিক উদ্বেগের অন্যান্য ইস্যু মোকাবিলায় একটি ‘অভিন্ন কর্মপরিকল্পনা’ বা Shared Work Plan তৈরি করা হয়েছে। এই পরিকল্পনার আওতায় দুই দেশের নিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলির মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় গড়ে তোলা হবে। পাশাপাশি দ্রুত তথ্য আদানপ্রদানের জন্য একে অপরের দেশে লিয়াজোঁ অফিসার নিয়োগের বিষয়েও ঐকমত্য হয়েছে।

ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, অজিত দোভালের এই সফর ছিল নিয়মিত দ্বিপক্ষীয় নিরাপত্তা আলোচনার অংশ। আলোচনায় দুই দেশই স্পষ্ট করেছে, উভয় দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই এই সহযোগিতার মূল লক্ষ্য। সেই লক্ষ্য পূরণেই জাতীয় নিরাপত্তা ও আইন প্রয়োগকারী ইস্যুতে সমন্বিত কর্মপরিকল্পনা গড়ে তোলা হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ফেন্টানিল-সহ বিপজ্জনক মাদকদ্রব্যের অবৈধ পাচার এবং আন্তর্জাতিক অপরাধ গোষ্ঠীর নেটওয়ার্ক রুখতে এই সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত যোগাযোগ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার একটি স্থায়ী কাঠামো তৈরিতেও দুই দেশ সম্মত হয়েছে।

নিরাপত্তার পাশাপাশি সাইবার নিরাপত্তা নীতি ও তথ্য বিনিময়ের ক্ষেত্রেও আনুষ্ঠানিক সহযোগিতা শুরু করতে রাজি হয়েছে ভারত ও কানাডা। প্রতারণা, অভিবাসন আইন এবং আন্তর্জাতিক বাধ্যবাধকতা সংক্রান্ত ইস্যুতেও আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন দোভাল কানাডার জননিরাপত্তা মন্ত্রী গ্যারি আনন্দসাঙ্গারির সঙ্গেও পৃথক বৈঠক করেন।

উল্লেখ্য, ২০২৩ সালে খলিস্তানি বিচ্ছিন্নতাবাদী হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ড নিয়ে তৎকালীন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অভিযোগের পর দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। ভারত সেই অভিযোগকে ‘অযৌক্তিক’ বলে খারিজ করে দেয়। পরবর্তীতে দু’দেশই একে অপরের কূটনীতিক বহিষ্কার করে।

তবে ২০২৪ সালের শেষ দিক থেকে নিরাপত্তা ও গোয়েন্দা স্তরে নীরব যোগাযোগ শুরু হয়, যা সম্পর্ক স্বাভাবিক করার পথ প্রশস্ত করে। নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি দায়িত্ব নেওয়ার পর দ্বিপক্ষীয় সহযোগিতায় ফের জোর দেওয়া শুরু করেছে কানাডা। অজিত দোভালের এই সফর সেই প্রক্রিয়ারই একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে মনে করছে কূটনৈতিক মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.