বিদেশ

বাংলাদেশে রাত ৮টার পর দোকানপাট বন্ধ, জ্বালানি বাঁচাতে কড়া নির্দেশ সরকারের

জ্বালানি সাশ্রয়ে আরও কড়া পদক্ষেপ বাংলাদেশ সরকারের। এবার থেকে প্রতিদিন রাত ৮টার মধ্যেই বন্ধ করতে হবে দোকান, বাজার ও শপিং মল। বুধবার থেকেই নতুন এই সময়সীমা কার্যকর হয়েছে।

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে বাংলাদেশও বেশ কিছুদিন ধরেই জ্বালানি খরচ কমাতে একাধিক পদক্ষেপ করছে। তারই অংশ হিসেবে এবার দোকানপাট বন্ধের সময় আরও এগিয়ে আনা হল।

বাংলাদেশের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান, বাজার ও শপিং মল খোলা রাখা যাবে। রাত ৮টার পর কোনও ভাবেই ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলা রাখা যাবে না।

শুধু দোকান বন্ধ করাই নয়, বিদ্যুৎ ও জ্বালানি খরচ কমাতে আলোকসজ্জার ক্ষেত্রেও দেওয়া হয়েছে নির্দেশ। সন্ধ্যা ৭টার পর দোকানের বিলবোর্ডে আলো জ্বালানো যাবে না। বিভিন্ন জায়গায় অপ্রয়োজনীয় আলোকসজ্জাও বন্ধ রাখতে বলা হয়েছে। কোনও মেলা বা সাংস্কৃতিক অনুষ্ঠান চললে রাত ৮টার মধ্যেই তা শেষ করতে হবে।

তবে জরুরি পরিষেবার ক্ষেত্রে রয়েছে ছাড়। ওষুধের দোকান, হাসপাতাল এবং খাবারের দোকান প্রয়োজন অনুযায়ী রাত ৮টার পরেও খোলা রাখা যাবে। যদিও এই ক্ষেত্রেও যতটা সম্ভব জ্বালানি সাশ্রয়ের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ২ এপ্রিল দোকানপাট ও শপিং মল বন্ধের সময় নিয়ে একাধিক সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ সরকার। প্রথমে সন্ধ্যা ৬টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। ব্যবসায়ীদের অনুরোধে পরে সময় বাড়িয়ে দেওয়া হয়। একসময় সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকান খোলার অনুমতিও দেওয়া হয়েছিল। এবার ফের সেই সময়সীমা কমিয়ে রাত ৮টা করা হল।

সরকারের বক্তব্য, আন্তর্জাতিক পরিস্থিতিতে সম্ভাব্য জ্বালানি সঙ্কট মোকাবিলায় এখন থেকেই ব্যবহার কমানো এবং সাশ্রয়ের পথে হাঁটাই মূল লক্ষ্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.