গ্রেটার নয়ডায় এক মর্মান্তিক ঘটনায় প্রেমঘটিত বচসার মাঝেই কোরিয়ান এক যুবককে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল তাঁরই সহবাস সঙ্গিনীর বিরুদ্ধে। রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। অভিযুক্ত তরুণীকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম ডাক হি ইউহ। তিনি দক্ষিণ কোরিয়ার নাগরিক এবং গ্রেটার নয়ডার একটি মোবাইল প্রস্তুতকারী সংস্থায় ম্যানেজার পদে কর্মরত ছিলেন। তাঁর সঙ্গে মণিপুরের বাসিন্দা লুনজিয়ানা পামাইয়ের প্রেমের সম্পর্ক ছিল। দীর্ঘদিন ধরে দু’জনে একত্রবাস করছিলেন গ্রেটার নয়ডার একটি বহুতল আবাসনে।
রবিবার দু’জনের মধ্যে কোনও একটি বিষয় নিয়ে তীব্র বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় ছুরি হাতে নিয়ে আচমকাই প্রেমিকের উপর হামলা চালান লুনজিয়ানা। একাধিক কোপে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ডাক হি ইউহ। আশপাশের লোকজন কিছু বুঝে ওঠার আগেই পরিস্থিতি গুরুতর আকার নেয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার কিছুক্ষণ পর সম্বিৎ ফিরে পেয়ে লুনজিয়ানা নিজেই আহত প্রেমিককে নিয়ে নিকটবর্তী হাসপাতালে ছুটে যান। কিন্তু হাসপাতালে পৌঁছনোর আগেই মৃত্যু হয় ওই যুবকের। খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে তরুণীকে আটক করে এবং পরে তাঁকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত তরুণী পুলিশকে জানিয়েছেন, ডাক হি প্রায়শই মদ্যপান করতেন এবং নেশাগ্রস্ত অবস্থায় তাঁকে মারধর করতেন। রবিবারও তিনি মদ্যপান করছিলেন, তা নিয়েই দু’জনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। সেই বচসার মধ্যেই চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ এবং পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত চলছে। যুবকের মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ এবং ঘটনার পূর্ণ বিবরণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন।







