ভারতীয় ব্যাডমিন্টনের একটি সোনালি অধ্যায়ের অবসান ঘটল। দীর্ঘ লড়াই আর অদম্য জেদকে সঙ্গী করে বিশ্বমঞ্চে ভারতের তেরঙা ওড়ানো সাইনা নেহওয়াল অবশেষে র্যাকেট তুলে রাখার সিদ্ধান্ত নিলেন। গত দু’বছর ধরে চোট-আঘাতের সঙ্গে সমানে যুঝছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত শরীরের কাছে হার মানতে হলো তাঁকে। নিজের অসমর্থন এবং বাস্তবকে মেনে নিয়ে প্রতিযোগিতামূলক ব্যাডমিন্টন থেকে সরে দাঁড়ালেন অলিম্পিক পদকজয়ী এই শাটলার।
সম্প্রতি একটি পডকাস্টে এসে নিজের অবসরের কথা জানান এক সময়ের বিশ্বসেরা এই তারকা। সাইনা বেশ স্পষ্ট করেই বলেন যে, গত দু’বছর তিনি কার্যত ব্যাডমিন্টন থেকে দূরেই ছিলেন। ঘটা করে ঘোষণা না করলেও তিনি মনে করেন, যখন শরীর আর সায় দিচ্ছে না তখন থেমে যাওয়াই বুদ্ধিমানের কাজ। সাইনার কথায়, “নিজের ইচ্ছেতে খেলা শুরু করেছিলাম, নিজের ইচ্ছেতেই থামলাম। বিশ্বের সেরাদের টেক্কা দিতে গেলে দিনে ৮-৯ ঘণ্টা ঘাম ঝরাতে হয়, কিন্তু আমার হাঁটু এখন দু’ঘণ্টার বেশি ধকল নিতে পারছে না।”
বিদায়ের কারণ হিসেবে সাইনা তাঁর শারীরিক সমস্যার কথা বিস্তারিত জানিয়েছেন। তিনি জানান, তাঁর হাঁটুর কার্টিলেজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনি এখন আর্থ্রাইটিসে ভুগছেন। এই অবস্থায় পেশাদার ব্যাডমিন্টন খেলা যে অসম্ভব, তা তিনি নিজের পরিবার ও কোচকেও আগেই বুঝিয়ে বলেছিলেন। ২০২৩ সালের সিঙ্গাপুর ওপেনই হয়ে থাকল তাঁর কেরিয়ারের শেষ টুর্নামেন্ট।
২০০৫ সালে মাত্র ১৫ বছর বয়সে যাঁর যাত্রা শুরু হয়েছিল, তিনি পরবর্তী দেড় দশক ভারতীয় ব্যাডমিন্টনকে শাসন করেছেন। ২০১০ কমনওয়েলথ গেমসে সোনা জয়ের পর ২০১২ লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়েছিলেন তিনি। তিনিই প্রথম ভারতীয় শাটলার হিসেবে অলিম্পিক পদকের স্বাদ এনে দেন দেশকে। এছাড়াও বিশ্ব চ্যাম্পিয়নশিপে রূপো ও ব্রোঞ্জ এবং এশিয়ান গেমসেও তাঁর সাফল্যের খতিয়ান ঈর্ষণীয়। ২০১৬ রিও অলিম্পিকের সময় থেকেই হাঁটুর চোট তাঁকে ভোগাতে শুরু করে, যা শেষ পর্যন্ত তাঁকে কোর্ট থেকে বিদায় নিতে বাধ্য করল। ভারতীয় ক্রীড়াপ্রেমীরা তাঁদের প্রিয় ‘বক্সার’ শাটলারকে মিস করবেন ঠিকই, তবে তাঁর ফেলে আসা সাফল্য আগামী প্রজন্মের অনুপ্রেরণা হয়ে থাকবে।







