বইমেলা কর্তৃপক্ষের আবেদনে সাড়া দিয়ে কলকাতার সেন্ট্রাল পার্কে বইতীর্থ তৈরির করার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার ৪৯ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা উদ্বোধন করতে গিয়ে , মঞ্চ থেকেই এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বইতীর্থ তৈরিতে বইমেলা কর্তৃপক্ষকে ১০ কোটি টাকা দেওয়া হবে বলে জানান তিনি। বইতীর্থ কিভাবে তৈরি হবে, তার একটি প্রাথমিক নকশাও আঁকছেন মুখ্যমন্ত্রী। তবে ব্যস্ততার দরুন সেই নকশা আঁকার কাজ এখনো সম্পূর্ণ ভাবে শেষ হয়নি বলে জানা গিয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা , “বইমেলা প্রাঙ্গণ স্থায়ী হয়ে গিয়েছে। মহাকালধাম, জগন্নাথধামের মতো বইতীর্থ করতে চাইছে ওরা। করে দাও। আইডিয়া একটা রাফ স্কেচ করছিলাম। ব্যস্ততায় পুরোটা করতে পারিনি। পুরো বই দিয়ে তৈরি হবে। ১০ কোটি টাকা আপনাদের কাছে চলে যাবে। ৫০ বছরের উদ্বোধনে এসে যেন দেখতে পাই বইমেলার সঙ্গে বইতীর্থও হয়েছে।”
প্রসঙ্গত প্রশাসনিক দায়িত্ব সামলানোর পাশাপাশি আঁকা, লেখালেখি , সঙ্গীতচর্চা ইত্যাদি একাধিক বিষয়ও চর্চা করেন মুখ্যমন্ত্রী। প্রতিবার বইমেলাতেই মুখ্যমন্ত্রীর কোনও না কোনও নতুন বই বের হয়। এবারও তার অন্যথা হয়নি । ৪৯ তম বইমেলায় SIR নিয়ে সাধারণ মানুষের হেনস্তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতার বই বেরচ্ছে।
মুখ্যমন্ত্রী এই নিয়ে এদিন বলেন, “আমার মোটামুটি ১৫৩টা বই বেরিয়েছে। এবার হয়তো ৯টা বেরবে। আমি আমার রাজনৈতিক জীবনের কিছু কথা, সবটা এখনও বলিনি। কারণ, সবটা বলে দিলে আগামিদিনের জন্য হৃদয়ের সঞ্চিত ভাণ্ডারে কী থাকবে? একটা কথাভাণ্ডার দিয়েছি। একটু একটু লিখেছি। আরও অনেক বইয়ের মধ্যে এসআইআরে যে হেনস্তা চলছে, তা থাকবে। যেহেতু এটা ২৬, ছাব্বিশে ছাব্বিশটা কবিতা আমি হেলিতে যেতে যেতে ২-৩দিনের মধ্যে লিখে দিয়েছি। ওটা এসআইআর হিসাবে বেরবে। এবার সংখ্যাটা ১৬২ হবে।”







