জেলারাজনীতি

তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান পদে ফের রদবদল, গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার পূর্ব মেদিনীপুরে তীব্র রাজনৈতিক তরজা

মাত্র দু’মাস আগেই রাজ্যজুড়ে ব্যাপক সাংগঠনিক রদবদল করেছিল তৃণমূল কংগ্রেস। আর সেই রদবদলের রেশ কাটতে না কাটতেই ফের পরিবর্তন এলো তমলুক সাংগঠনিক জেলার শীর্ষপদে। তমলুক পৌরসভার চেয়ারম্যান ডঃ দীপেন্দ্র নারায়ণ রায়কে সরিয়ে নতুন জেলা চেয়ারম্যান করা হলো তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি অসিত ব্যানার্জীকে।

তৃণমূলের এই আকস্মিক সিদ্ধান্ত ঘিরে জেলাজুড়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, তমলুক ও নন্দীগ্রাম অঞ্চলে তৃণমূল-নিয়ন্ত্রিত সমবায়গুলির ডিরেক্টর পদ বণ্টনকে কেন্দ্র করে দলের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব এতটাই প্রকাশ্যে চলে আসে যে, তা আর উপেক্ষা করার অবস্থায় ছিল না রাজ্য নেতৃত্ব।

বিশেষ করে তমলুক টাউন ক্রেডিট সোসাইটির নির্বাচন ঘিরে দীপেন্দ্র নারায়ণ রায় এবং তমলুকের বিধায়ক চঞ্চল খাঁড়ার মধ্যে প্রকাশ্য সংঘাত, নেতৃত্বের কপালে চিন্তার ভাঁজ ফেলে। দলীয় সূত্রের দাবি, তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছে আর্থিক ও রাজনৈতিক “ডেলিভারি” দিতে পারছিলেন না দীপেন্দ্রবাবু। এই পরিস্থিতিতে ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে পূর্ব মেদিনীপুরের মতো গুরুত্বপূর্ণ জেলায় সংগঠনের ভিত মজবুত করতে তাঁকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

এই রদবদলকে কেন্দ্র করে বিজেপি তীব্র কটাক্ষ করেছে। বিজেপির বক্তব্য, “উচ্চ নেতৃত্বের কাছে টাকা পৌঁছাতে না পারাতেই সরাতে হলো দীপেন্দ্র নারায়ণকে। তৃণমূলের অন্দরের দুর্নীতি আজ আর গোপন নয়।”

অন্যদিকে নতুন জেলা চেয়ারম্যান অসিত ব্যানার্জী দাবি করেছেন, “শুভেন্দু অধিকারী কোনও ফ্যাক্টর নয়। যারা আজ বিজেপিতে তারা তৃণমূলেই থেকে দলটা ছিবড়ে করেছে। দল মূল্যায়ন করে সিদ্ধান্ত নিয়েছে।”

তবে এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তৃণমূলেরই একাংশ। তমলুকের বর্ষীয়ান তৃণমূল নেতা পার্থসারথি মাইতি বলেন, “এইভাবে নেতৃত্ব বদল ঠিক নয়। দীপেন্দ্রবাবুকে যথেষ্ট সময়ই দেওয়া হয়নি। দল যেন ভবিষ্যতে এমন রদবদলে আরও বিচক্ষণ হয়।”

সাবেক চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়ও ক্ষোভ চাপা রাখেননি। তিনি বলেন, “কেন আমাকে আনা হলো আর কেনই বা সরানো হলো, তা দল জানে। আমি বলতে পারব না।”

দু’মাসের মধ্যে একই পদে ফের রদবদল, তাতে প্রশ্ন উঠছে সংগঠনের অভ্যন্তরীণ স্থায়িত্ব নিয়েই। বিধানসভা ভোটের মুখে পূর্ব মেদিনীপুরে তৃণমূলের এই অস্থিরতা যে বিরোধীদের হাত শক্ত করবে, তা বলাই বাহুল্য।

শেষ কথা:
তমলুকের সমবায় রাজনীতি ঘিরে সংঘর্ষ, দলীয় অস্থিরতা ও নেতৃত্বের দ্বন্দ্ব—এই মুহূর্তে পূর্ব মেদিনীপুরে তৃণমূলের চ্যালেঞ্জ বহুগুণে বেড়েছে। এই চেয়ারম্যান বদল কতটা কার্যকর হবে, তা এখন সময়ই বলবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.