বীরভূমের পাথর ব্যবসায়ী মহম্মদ নাজিবুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলকে ঘিরে তদন্তে এবার আরও চাপ বাড়াল পুলিশ। একের পর এক ঘনিষ্ঠ সহযোগী গ্রেফতার হলেও এখনও অধরা টুলু। এবার তাঁর সিউড়ির বাড়িতে নোটিশ সাঁটিয়ে দেওয়া হল পুলিশের তরফে।
বুধবার রাতে সিউড়িতে টুলু মণ্ডলের বাড়ির গেটের পাশের দেওয়ালে ওই নোটিশ লাগানো হয়। পুলিশের নির্দেশ, আগামী ১৪ আগস্টের মধ্যে আদালতে হাজির হতে হবে টুলুকে। এর আগে মহম্মদবাজারের সোঁতশালে তাঁর গ্রামের বাড়ির কাছেও মাইকিং করে একই বার্তা দেওয়া হয়েছিল।
টুলুর খোঁজ না মেলায় এবার তাঁর বিরুদ্ধে হুলিয়া জারির নির্দেশ দিয়েছে সিউড়ির এসিজেএম আদালত। ফলে তদন্তে তাঁর গ্রেফতারি ঘিরে পুলিশের তৎপরতা আরও বেড়েছে।
এদিকে, টুলুর ব্যবসার সঙ্গে যুক্ত তিন ম্যানেজার ইতিমধ্যেই পুলিশের হাতে গ্রেফতার। তাঁদের জিজ্ঞাসাবাদ করে টুলুর ব্যবসায়িক লেনদেন, পাথর কারবার এবং সংশ্লিষ্ট নেটওয়ার্ক সম্পর্কে বেশ কিছু তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ধৃতদের জেরা থেকেই টুলুর গতিবিধি সম্পর্কে কোনও গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যায় কি না, এখন সেটাই দেখার।
মামলার শুনানিতে পুলিশ আদালতে দাবি করেছে, পাথর ব্যবসায় সরকারি রাজস্ব ফাঁকির অঙ্ক বিপুল। তদন্তকারীদের দাবি অনুযায়ী, বছরে প্রায় ৬০০ কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে। পাঁচ বছরের হিসাব ধরলে সেই অঙ্ক প্রায় ৩ হাজার কোটি টাকা।
তবে এত অভিযোগ, গ্রেফতারি এবং তদন্তের মাঝেও মূল অভিযুক্ত টুলু মণ্ডলের দেখা নেই। বাড়িতে নোটিশ, গ্রামের বাড়িতে মাইকিং, এবার আদালতের হুলিয়া—সব মিলিয়ে প্রশ্ন একটাই, কোথায় টুলু মণ্ডল?
তিন ম্যানেজারের জেরায় ঠিক কী তথ্য উঠে এসেছে এবং সেই সূত্র ধরে পুলিশ টুলুর নাগাল পায় কি না, এখন সেদিকেই নজর।







