বিনোদন

স্পটিফাই থেকে উধাও পাকিস্তানি গান, ভারত-পাক বিনোদন জগতে ফের কাঁটা

ফের ধাক্কা খেল ভারত ও পাকিস্তানের সংস্কৃতি বিনিময়। সরকারের নতুন নির্দেশে জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই থেকে সরিয়ে দেওয়া হল পাকিস্তানের সমস্ত গান। এর আগে থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনার আবহে বিনোদন জগতে একাধিক পদক্ষেপ দেখা গিয়েছিল। পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল সরিয়ে দেওয়া থেকে শুরু করে তাদের অভিনীত সিনেমা মুক্তি পর্যন্ত আটকে দেওয়া হয়েছে। এবার সেই তালিকায় নবতম সংযোজন স্পটিফাইয়ের পাকিস্তানি গানের ভাণ্ডার।
Maand, Jhol, Faasle-র মতো জনপ্রিয় পাকিস্তানি গান, যা একসময় ভারতীয় শ্রোতাদের প্লেলিস্টে জায়গা করে নিয়েছিল, গতকাল থেকেই আর শোনা যাচ্ছে না। স্পটিফাই ব্যবহারকারীরা জানাচ্ছেন, পছন্দের গানগুলি আর খুঁজে পাওয়া যাচ্ছে না অ্যাপে।
এই পদক্ষেপের নেপথ্যে রয়েছে গত ৮ মে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের জারি করা এক নির্দেশিকা। সেখানে স্পষ্ট বলা হয়েছে, ভারতের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও নিরাপত্তার জন্য ক্ষতিকর হতে পারে এমন কোনও পাকিস্তানি কনটেন্ট – তা সিনেমা হোক বা গান, ওয়েব সিরিজ হোক বা পডকাস্ট – অবিলম্বে সম্প্রচার মাধ্যম থেকে সরিয়ে ফেলতে হবে। মন্ত্রকের বিবৃতিতে জাতীয় নিরাপত্তার স্বার্থের উপর জোর দেওয়া হয়েছে এবং সম্প্রতি ভারতে হওয়া জঙ্গি হামলায় পাকিস্তানের যোগসূত্রের দিকেও ইঙ্গিত করা হয়েছে।
অতীতেও ফাওয়াদ খানের মতো জনপ্রিয় পাকিস্তানি অভিনেতার ভারতীয় ছবিতে কাজ করা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে এবং শেষ পর্যন্ত তাদের ছবি মুক্তি পায়নি। এবার গানের ক্ষেত্রেও সেই একই পথে হাঁটল ভারত সরকার, যা দুই দেশের সংস্কৃতি প্রেমীদের জন্য নিঃসন্দেহে একটি হতাশাজনক খবর। স্পটিফাইয়ের এই পদক্ষেপ ভারত ও পাকিস্তানের মধ্যেকার সাংস্কৃতিক দূরত্ব আরও বাড়াবে বলেই মনে করছেন অনেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.