মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ল। ইরানের সঙ্গে ক্রমবর্ধমান সংঘাতের আবহে বিশাল সামরিক মহড়ার ঘোষণা করল আমেরিকা। মার্কিন বায়ুসেনার এই যুদ্ধ মহড়াকে নেতৃত্ব দেবে পারমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এই ঘোষণার মধ্যেই ইউরোপ ও আমেরিকার বিরুদ্ধে তীব্র আক্রমণাত্মক অবস্থান নিল তেহরান।
রবিবার ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘের কালিবাফ বলেন, ইসলামিক প্রজাতন্ত্র এবার থেকে ইউরোপীয় ইউনিয়নের সামরিক বাহিনীকে সন্ত্রাসবাদী গোষ্ঠী হিসেবে বিবেচনা করবে। ইউরোপের পক্ষ থেকে ইরানের আধাসামরিক বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC)-কে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে চিহ্নিত করার প্রতিক্রিয়াতেই এই ঘোষণা বলে জানিয়েছে তেহরান।
উল্লেখ্য, দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ দমনে রক্তক্ষয়ী অভিযানের অভিযোগে ইউরোপ IRGC-কে সন্ত্রাসবাদী তকমা দেয়। তার পাল্টা জবাব হিসেবেই ইরানের এই কড়া অবস্থান। তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, কালিবাফের এই ঘোষণা মূলত প্রতীকী। ২০১৯ সালের একটি আইনের আওতায় আগেও বিদেশি সেনাবাহিনীকে সন্ত্রাসবাদী ঘোষণার পথ নিয়েছিল ইরান।
এই ঘোষণার দিন সংসদে নাটকীয় ছবি ধরা পড়ে। ইসলামিক গার্ডের সমর্থনে তাদের পোশাক পরে সংসদে হাজির হন কালিবাফ ও অন্যান্য সাংসদরা। উল্লেখ্য, এই গার্ডই ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির নিয়ন্ত্রণে রয়েছে। সংসদ ভবনের ভিতরে তখন একের পর এক স্লোগান ওঠে—
‘আমেরিকা নিপাত যাক’, ‘ইসরায়েল নিপাত যাক’।
এরই মধ্যে গত মঙ্গলবার মধ্যপ্রাচ্যে বায়ুসেনার যুদ্ধ মহড়ার ঘোষণা করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM)। বিবৃতিতে জানানো হয়েছে, এই মহড়ার মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমান মোতায়েন, দ্রুত বিস্তার এবং নিখুঁত হামলা চালানোর সক্ষমতা প্রদর্শন করা হবে। পাশাপাশি আঞ্চলিক অংশীদার দেশগুলোর সঙ্গে সমন্বয় এবং যে কোনও সংকট মোকাবিলার প্রস্তুতিও এই মহড়ার অন্যতম উদ্দেশ্য।
কয়েকদিন আগেও মনে করা হচ্ছিল, ইরান ঘিরে যুদ্ধের আশঙ্কা কিছুটা কমেছে। সরকারবিরোধী আন্দোলনে অভিযুক্ত আটশোরও বেশি বিদ্রোহীর মৃত্যুদণ্ড ঘোষণার সিদ্ধান্ত প্রত্যাহার করেছিল তেহরান। সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন ধারণা করা হচ্ছিল, হয়তো চূড়ান্ত সামরিক পদক্ষেপের পথ থেকে সরে আসবে ওয়াশিংটন।
কিন্তু সেই ধারণা ভুল প্রমাণ করে পশ্চিম এশিয়ায় বিশাল নৌবহর পাঠাল আমেরিকা। ফলে ফের প্রশ্ন উঠছে— মধ্যপ্রাচ্য কি আরেকটি বড় সংঘাতের দোরগোড়ায়?







