ভারতের ক্রীড়া পরিকাঠামোকে আগামী এক দশকে আমূল বদলে দেওয়ার রূপরেখা পেশ করল কেন্দ্র। ২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করলেন, বর্তমান ‘খেলো ইন্ডিয়া’ কর্মসূচির উপর ভর করেই চালু হবে একটি পূর্ণাঙ্গ ‘খেলো ইন্ডিয়া মিশন’। লক্ষ্য—শুধু প্রতিভা খোঁজা নয়, গোটা ক্রীড়া ব্যবস্থাকে কাঠামোগতভাবে শক্তপোক্ত করে তোলা।
লোকসভায় বাজেট ভাষণে অর্থমন্ত্রী স্পষ্ট করেন, খেলাধুলা আর শুধুই পদক জয়ের ক্ষেত্র নয়, এটি কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধিরও বড় মাধ্যম। তাঁর কথায়, “খেলো ইন্ডিয়া কর্মসূচির মাধ্যমে যে প্রতিভা লালনের প্রক্রিয়া শুরু হয়েছে, তাকে আরও এগিয়ে নিয়ে যেতে আগামী দশকে ক্রীড়া ক্ষেত্রের রূপান্তরের জন্য খেলো ইন্ডিয়া মিশন চালু করার প্রস্তাব দিচ্ছি।”
২০১৭ সালে শুরু হওয়া খেলো ইন্ডিয়া মূলত বয়সভিত্তিক প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভা চিহ্নিত করার উপর জোর দিয়েছিল। তবে সময়ের সঙ্গে স্পষ্ট হয়েছে, প্রতিভা খুঁজে পাওয়াই যথেষ্ট নয়। দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ, মানসম্মত কোচিং, স্পোর্টস সায়েন্স ও পর্যাপ্ত পরিকাঠামোগত সহায়তা না থাকলে আন্তর্জাতিক সাফল্য ধরে রাখা কঠিন। নতুন মিশনের মাধ্যমে সেই ঘাটতি পূরণেরই চেষ্টা করছে কেন্দ্র।
প্রস্তাবিত খেলো ইন্ডিয়া মিশনের অন্যতম বৈশিষ্ট্য হল একটি সমন্বিত ট্যালেন্ট ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক। প্রাথমিক, মধ্যবর্তী ও এলিট—এই তিন স্তরে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কোচ ও সাপোর্ট স্টাফ তৈরিতে কাঠামোগত বিনিয়োগ, প্রশিক্ষণে স্পোর্টস সায়েন্স ও আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দেশজুড়ে নিয়মিত লিগ ও প্রতিযোগিতা আয়োজন—সবই মিশনের অঙ্গ।
পরিকাঠামো উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কেন্দ্র স্বীকার করেছে, মেট্রো শহরের বাইরে মানসম্মত স্টেডিয়াম ও ট্রেনিং সুবিধার অভাব ভারতের ক্রীড়া স্বপ্নের বড় অন্তরায়। নতুন মিশনে সেই ফাঁক পূরণ করাই অন্যতম লক্ষ্য।
বাজেটে খেলাধুলাকে একটি অর্থনৈতিক ইকোসিস্টেম হিসেবেও তুলে ধরা হয়েছে। অর্থমন্ত্রী জানান, ক্রীড়া সামগ্রী উৎপাদনের জন্য আলাদা একটি উদ্যোগ নেওয়া হবে। উদ্দেশ্য—ভারতকে উচ্চমানের ও সাশ্রয়ী স্পোর্টস গুডসের আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা। এর ফলে ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগ যেমন গতি পাবে, তেমনই কর্মসংস্থানও বাড়বে বলে মনে করছে কেন্দ্র।
এই ঘোষণার সময়কালও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সম্প্রতি ক্রীড়া মন্ত্রকের গঠিত টাস্ক ফোর্স, যার নেতৃত্বে ছিলেন পুল্লেলা গোপীচাঁদ, কোচ তৈরির উপর বিশেষ জোর দেওয়ার সুপারিশ করেছে। পাশাপাশি ভারত আগামী দিনে কমনওয়েলথ গেমস আয়োজনের প্রস্তুতি নিচ্ছে এবং ২০৩৬ অলিম্পিক্স আয়োজনের জন্য বিড জমা দিয়েছে। সেই প্রেক্ষাপটে দীর্ঘমেয়াদি ক্রীড়া পাইপলাইন তৈরির পথে খেলো ইন্ডিয়া মিশনকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল।







