খেলাধুলা

পাকিস্তান বয়কট করলেও মাঠে নামতেই হবে ভারতকে, আইসিসির নিয়মে ২ পয়েন্ট পেতে কলম্বোয় সূর্যকুমাররা

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার সিদ্ধান্তে অটল পাকিস্তান সরকার। তবু ওই ম্যাচের জন্য নির্ধারিত ভেন্যু কলম্বোয় যেতে হবে ভারতীয় দলকে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) নিয়ম অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি নির্দিষ্ট সময়ের মধ্যে স্টেডিয়ামে উপস্থিত থাকতে হবে সূর্যকুমার যাদবদের।

আইসিসির নিয়মের ১৬.২.১ ধারা অনুযায়ী, কোনও দল ম্যাচ বয়কট করলে প্রতিপক্ষ ২ পয়েন্ট পাবে—তবে শর্ত একটাই, নির্ধারিত সময়ে মাঠে হাজির থাকতে হবে। অন্য দল আগেভাগেই ম্যাচ না খেলার কথা জানালেও মাঠে না গেলে সেই ম্যাচ পরিত্যক্ত বলে গণ্য হবে। সেক্ষেত্রে দু’দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হতে পারে এবং শাস্তির মুখেও পড়তে পারে মাঠে না নামা দল।

এই কারণেই পাকিস্তান শেষ পর্যন্ত ম্যাচ না খেললেও ভারতীয় দলকে কলম্বোয় যেতে হবে। ম্যাচের আগের দিন নিয়ম মেনে সাংবাদিক বৈঠকও করতে হবে। নির্দিষ্ট সময় মাঠে উপস্থিত থেকে ম্যাচ রেফারির চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ভারতীয় দলকে।

শনিবার সমাজমাধ্যমে পাকিস্তান সরকার জানিয়েছে, তারা টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে, কিন্তু ভারতের বিরুদ্ধে ১৫ ফেব্রুয়ারির ম্যাচ বয়কট করবে। যদিও এই সিদ্ধান্ত এখনও আইসিসি বা আন্তর্জাতিক মহলে সরকারি ভাবে জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বয়কটের মাঝেই দুরন্ত ছন্দে পাকিস্তান। ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্তের মাঝেই মাঠে দাপট দেখাল পাকিস্তানের ক্রিকেট দল। ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ়ে অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সেরে ফেলল তারা।

রবিবার লাহৌরে তৃতীয় ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ১১১ রানে হারিয়ে সবচেয়ে বড় জয় পায় পাকিস্তান। ছোট ফরম্যাটে এত বড় ব্যবধানে হার আগে কখনও দেখেনি অস্ট্রেলিয়া। সাত বছর পর শুধু একটি ম্যাচ নয়, গোটা সিরিজ় জিতে নিল পাকিস্তান।

প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৭ রান তোলে স্বাগতিকরা। ওপেনার সাইম আয়ুব ৩৭ বলে ৫৬ রান করেন। ফখর জ়মান ও সলমন আলি আঘা ব্যর্থ হলেও দুরন্ত ছন্দে ছিলেন বাবর আজ়ম। ৩৬ বলে অপরাজিত ৫০ রানের ইনিংসে নজর কাড়েন তাঁর স্ট্রাইক রেট। শাদাব খান মাত্র ১৯ বলে ৪৬ রান করে পাকিস্তানকে বড় রানে পৌঁছে দেন।

জবাবে রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই শাহিন আফ্রিদির বলে আউট হন অজি অধিনায়ক মিচেল মার্শ। ক্যামেরন গ্রিন (২২) ও মার্কাস স্টোইনিস (২৩) ছাড়া আর কেউই দাঁড়াতে পারেননি। বিশেষ করে বাঁহাতি স্পিনার মহম্মদ নওয়াজ়ের সামনে কার্যত অসহায় হয়ে পড়ে অস্ট্রেলিয়া।

১৬.৫ ওভারে মাত্র ৯৬ রানে অল আউট হয়ে যায় সফরকারীরা। ৪ ওভারে ১৮ রান দিয়ে ৫ উইকেট নেন নওয়াজ়। শাহিন আফ্রিদি নেন ২ উইকেট। ম্যাচের সেরা হন নওয়াজ়, সিরিজ়ের সেরা অধিনায়ক নির্বাচিত হন সলমন আলি আঘা।

অস্ট্রেলিয়া প্রতিটি ম্যাচে একাদশে পরিবর্তন করলেও পাকিস্তানের এই দাপট বিশ্বকাপের আগে তাদের আত্মবিশ্বাস যে অনেকটাই বাড়াল, তা বলাই বাহুল্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.