নিজস্ব সংবাদদাতা: বড়দের খেতাব ধরে রাখার লড়াই শুরুর একদিন আগেই বিশ্বকাপের মঞ্চে ইতিহাস গড়ল ছোটরা। দুরন্ত ব্যাটিং প্রদর্শনে আফগানিস্তানকে কার্যত উড়িয়ে দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। ৫৩ বল বাকি থাকতেই ৩১১ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ক্রিকেট ইতিহাসে অনন্য নজির স্থাপন করল ভারত।
এই জয়ের সুবাদে টানা ষষ্ঠবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত—যা আর কোনও দেশের নেই।
ফাইনাল টিকিটের লড়াইয়ে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। শুরুটা মন্থর হলেও ফইজল ও উজাইরুল্লার জুটিতে ধীরে ধীরে গতি পায় ইনিংস। ফইজল ৯৩ বলে ১১০ রান করেন, অপরদিকে নিয়াজাই ৮৬ বলে অপরাজিত ১০১ রানের ইনিংস খেলেন। তৃতীয় উইকেটে তাঁদের ১৪৮ রানের পার্টনারশিপে ভর করে আফগানিস্তান ৫০ ওভারে ৪ উইকেটে তোলে ৩১০ রান। ভারতের হয়ে কণিষ্ক ও দীপেশ দু’টি করে উইকেট নেন।
৩১১ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকেন ভারতীয় ব্যাটারেরা। ওপেনার বৈভব সূর্যবংশীর ব্যাট থেকে আসে বিধ্বংসী ইনিংস—মাত্র ৩৩ বলে ৬৮ রান। ৯.৩ ওভারেই ভারতের স্কোর পৌঁছে যায় ৯০-এ। বৈভব আউট হওয়ার পর রান তাড়ার ভার কাঁধে তুলে নেন অ্যারন ও অধিনায়ক আয়ুষ।
দ্বিতীয় উইকেটে তাঁদের ১১৪ রানের জুটি কার্যত ম্যাচ ভারতের দিকে ঘুরিয়ে দেয়। আয়ুষ ৫৯ বলে ৬২ রান করে আউট হলেও অন্যপ্রান্তে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন অ্যারন। তিনি ১০৪ বলে ১১৫ রানের অনবদ্য শতরান করে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন।
শেষদিকে বিহান ৩৯ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন। ভারত ৪১.১ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ৩১১ রান তুলে নেয়। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এটাই ভারতের সর্বোচ্চ রান তাড়া করে জয়, তাও আবার ৫৩ বল হাতে রেখে।
আগামী শুক্রবার বিশ্বকাপ ফাইনালে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড।







