নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের আগে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন ঋষভ পন্থ। পেশিতে চোট লাগায় প্রথম ম্যাচের আগেই সিরিজ় থেকে ছিটকে যান ভারতের উইকেটকিপার-ব্যাটার। ফলে কিউয়িদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় ও টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও জায়গা হয়নি তাঁর। তবে সেই সময়টাকেই কাজে লাগিয়ে পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফেরার দিকেই নজর রেখেছেন পন্থ।
চোট সারাতে তাড়াহুড়ো করতে রাজি নন তিনি। কারণ আইপিএল শুরু হতে এখনও হাতে যথেষ্ট সময় রয়েছে। লক্ষ্য একটাই—আইপিএলের আগেই সম্পূর্ণ ফিট হয়ে মাঠে ফেরা। বর্তমানে বোর্ডের উৎকর্ষ কেন্দ্রে পুনর্বাসন প্রক্রিয়া চলছে তাঁর।
বিশ্ব পিকলবল লিগের এক অনুষ্ঠানে বুধবার পন্থ বলেন,
“প্রতিদিনই আমার ফিটনেস একটু একটু করে উন্নত হচ্ছে। বোর্ডের উৎকর্ষ কেন্দ্রে কঠোর পরিশ্রম করছি। আশা করছি খুব শীঘ্রই মাঠে ফিরতে পারব।”
চোটের সময়টাই নিজের খেলা ও মানসিক অবস্থার পর্যালোচনার সুযোগ এনে দিয়েছে বলেও জানিয়েছেন পন্থ। তাঁর কথায়, চোট পাওয়ার পর ক্রিকেটের প্রতি ভালবাসা আরও বেড়ে যায়।
“চোট পেলে ক্রিকেট খেলাটা খুব মিস করি। ক্রিকেটকে আমি ভীষণ ভালবাসি। মাঠে নেমে খেলতে পারলেই সেটার সবচেয়ে ভাল উপভোগ করা যায়,” বলেন তিনি।
গাড়ি দুর্ঘটনার ভয়াবহ চোট, তারপর আবার ইংল্যান্ড সিরিজ়ে গোড়ালি ভাঙা—একাধিক বড় ধাক্কা পেরিয়েও ক্রিকেটে ফিরেছেন পন্থ। প্রতিটি প্রত্যাবর্তন তাঁকে নতুন কিছু শিখিয়েছে বলেই মনে করেন তিনি।
“প্রতিটা প্রত্যাবর্তন জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। কৃতজ্ঞতা কী, সেটা শিখেছি। ক্রিকেটের প্রতি দায়বদ্ধতা নিয়ে কী ভাবে খুশি থাকতে হয়, সেটাও বুঝেছি,” বলেন পন্থ।
এ বারও তাঁর প্রত্যাবর্তন হবে আরও শক্তিশালী—এমনটাই বিশ্বাস ভারতের এই তারকা ক্রিকেটারের।







