দেশ

মানালিতে জিপলাইন ছিঁড়ে খাদে পড়ে আহত নাগপুরের কিশোরী! ভর্তি হাসপাতালে

রোমাঞ্চ অনেকেরেই প্ৰিয় আর সেই রোমাঞ্চকে উপলব্ধি করতে গিয়ে আহত নাগপুরের এক কিশোরীর, রোমাঞ্চপ্রিয়তা শেষ পর্যন্ত পরিণত হল আতঙ্কে। গ্রীষ্মের ছুটিতে পরিবারের সঙ্গে হিমাচল প্রদেশের মানালিতে বেড়াতে গিয়েছিল ১০ বছরের ত্রিশা বিজওয়ে। সেখানেই এক অ্যাডভেঞ্চার অংশ নিতে গিয়ে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। জিপলাইনে ওঠার সময় বেল্ট ছিঁড়ে প্রায় ৩০ ফুট গভীর খাদে পড়ে যায় সে। যদিও আশ্চর্যজনকভাবে প্রাণে বেঁচে গেছে ওই কিশোরী, তবে তার অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে।

ত্রিশা, নাগপুরের প্রফুল্ল বিজওয়ের কন্যা। পরিবার সূত্রে জানা গিয়েছে, ৮ জুন মানালিতে একটি জিপলাইন অ্যাক্টিভিটিতে অংশ নেওয়ার সময়ই ঘটে এই ঘটনা। মাঝপথে বেল্ট ছিঁড়ে যায় তার, ফলে সোজা নিচে পড়ে যায় ত্রিশা। ঘটনার পর তৎক্ষণাৎ তাকে মানালির এক চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, এবং পরে চণ্ডীগড়ের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে ত্রিশা নাগপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সূত্রের খবর, পড়ে যাওয়ার ফলে তার শরীরের একাধিক হাড় ভেঙে গেছে।

ত্রিশার পরিবার অভিযোগ করেছে, ঘটনাস্থলে পর্যাপ্ত কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না দুর্ঘটনার পর কোনও জরুরি সাহায্য তারা সঙ্গে সঙ্গে পাননি বলেও দাবি তাঁদের।

ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই এক্স (সাবেক টুইটার)-এ ‘সিদ্ধার্থ শুক্ল’ নামে একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে, যা দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন মাধ্যমে। যদিও ভিডিয়োটির কোনো প্রামাণিকতা যাচাই করা যায়নি, তবে তা ইতিমধ্যেই নেটিজেনদের মধ্যে প্রবল আলোড়ন তৈরি করেছে।এই ঘটনার পর পাহাড়ি পর্যটনস্থানে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.