রাজ্য

ছাব্বিশের ভোটের আগে রাজ্যকে বড় ধাক্কা! বকেয়া ডিএ মেটাতে সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট

ছাব্বিশের বিধানসভা ভোটের আগে আজ রাজ্য বাজেট। তার ঠিক আগেই বকেয়া ডিএ (Dearness Allowance) নিয়ে রাজ্য সরকারকে বড় ধাক্কা দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট নির্দেশে জানিয়ে দিয়েছে, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ-র অন্তত ২৫ শতাংশ মার্চ মাসের মধ্যেই মেটাতে হবে। শুধু তাই নয়, আগামী মে মাসের মধ্যেই বকেয়া ডিএ-র পুরো টাকা পরিশোধ করার নির্দেশও দেওয়া হয়েছে।

আইনি মহলের মতে, এই রায় ঐতিহাসিক। কারণ, সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়েছে— উপভোক্তা মূল্য সূচক (AICPI) অনুযায়ী ডিএ পাওয়া রাজ্য সরকারি কর্মচারীদের আইনি অধিকার। সেই অধিকার থেকে কোনওভাবেই তাঁদের বঞ্চিত করা যাবে না।

উল্লেখ্য, এর আগে অন্তর্বর্তী নির্দেশে ২৫ শতাংশ বকেয়া ডিএ মেটানোর কথা বলা হলেও রাজ্য সরকার তা মানেনি। রাজ্যের আর্থিক সংকটের যুক্তি দেখিয়ে সেই অর্থ প্রদান করা হয়নি। এবার আর কোনও ফাঁক রাখেনি সর্বোচ্চ আদালত। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র তাঁদের রায়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বকেয়া ডিএ সময়মতো মেটানো হচ্ছে কি না, তা নজরদারির জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে।

এই কমিটিতে থাকছেন—

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রা

ঝাড়খণ্ড হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ত্রিলোক সিং চৌহান

বিচারপতি গৌতম মাধুরী

কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (CAG) অথবা তাঁর দফতরের কোনও উচ্চপদস্থ আধিকারিক

আদালত জানিয়ে দিয়েছে, ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত যে বকেয়া ডিএ রয়েছে, তা তিন মাসের মধ্যেই মেটাতে হবে। শুধু ডিসবার্সমেন্টের সূচি নির্ধারণই নয়, তার বাস্তবায়নের উপরও কড়া নজর রাখবে আদালত-নির্ধারিত এই কমিটি।

এই রায় রাজ্য সরকার মেনে নেবে, নাকি ভোটের মুখে রিভিউ পিটিশনের পথে হাঁটবে— তা এখনও স্পষ্ট নয়। তবে রাজনৈতিক মহলের মতে, ছাব্বিশের ভোটের আগে বৃহস্পতিবারের ভোট অন অ্যাকাউন্ট বাজেটে যখন আরও এক প্রস্ত নতুন প্রকল্প বা খয়রাতি ঘোষণার জল্পনা চলছে, তার ঠিক আগেই এই নির্দেশ রাজ্যের জন্য বড়সড় চাপ তৈরি করল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.