নিজস্ব সংবাদদাতা : রুক্মিণী এই মুহূর্তে টলিউডে অন্যতম ব্যস্ত অভিনেত্রী। এখন একের পর এক ছবি রয়েছে তাঁর ঝুলিতে। মাত্র ছ’বছরের অভিনয় জীবনে বেশ অনেকগুলোই কাজ করে ফেলেছেন তিনি। মডেল হিসাবে অনেক ছোট বয়সেই কেরিয়ার শুরু করেন তিনি। যদিও অভিনয় নিয়ে অনেক কটাক্ষই শুনতে হয় রুক্মিণী মৈত্রকে। তবে বর্তমানে প্রযোজক, পরিচালকদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। ঝুলিতে রয়েছে ‘নটী বিনোদিনী’, ‘বুমেরাং’ থেকে ‘দ্রৌপদী’। ফলে পরিশ্রমও কম হচ্ছে না। এক সময় নাকি অভিনয় করার কোনও ইচ্ছাই ছিল না তাঁর। অনেক সাধ্যসাধনা করে ছবিতে অভিনয় করার জন্য তাঁকে রাজি করান বিশেষ বন্ধু দেব। তারপর থেকেই ধীরে ধীরে অভিনয়ের প্রতি ভালবাসা জন্মায় তাঁর।
এই মুহূর্তে তিনি জিতের সঙ্গে ‘বুমেরাং’ ছবির শুটিংয়ে ব্যস্ত। কাজের ফাঁকেই অনুগামীদের সঙ্গে নিজের স্বপ্ন ভাগ করে নিলেন রুক্মিনী। ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেন তিনি। সামনে রাখা ‘বুমেরাং’-এর চিত্রনাট্য। কিন্তু নায়িকার নজর অন্য দিকে। তিনি স্বপ্ন দেখেন অন্য কিছু। দেওয়ালে টাঙানো রয়েছে চার স্বপ্নের অভিনেত্রীর ছবি। সুচিত্রা সেন, নার্গিস, নুতন, মধুবালা। চার অভিনেত্রীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন তিনি। এমনই একটি ছবি পোস্ট করে নায়িকা লেখেন, “স্বপ্ন”। তাঁর এই ছবিতে মন্তব্য করেছেন টলিউডের অনেকেই। অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় লেখেন, “কী মিষ্টি লাগছে।” এই নতুন ছবিতে রুক্মিণীর সহ-অভিনেত্রী দেবচন্দ্রিমা।আবার অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য লিখেছেন, “এগিয়ে যাও।
সম্প্রতি তাঁকে সত্যবতীর ভূমিকায় দেখা গিয়েছে। বুমেরাং ছবির শুটিং শেষে তিনি দ্রৌপদীর ভুমিকায় অভিনয়ের প্রস্তুতি নেবেন। এর পাশাপাশি শুরু করবেন সৃজিত মুখার্জীর ছবির কাজ।







