কলকাতা

ভর সন্ধ্যায় গোলপার্কে দুষ্কৃতী তাণ্ডব, গুলি–বোমায় আতঙ্ক

কাঁকুলিয়া রোডে ধারাল অস্ত্র নিয়ে হামলা, পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা: গোলপার্কের কাছে পঞ্চাননতলা ও কাঁকুলিয়া রোড এলাকায় রবিবার সন্ধ্যায় ভয়াবহ দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের দাবি, ভর সন্ধ্যায় এলাকায় ঢুকে পড়ে দেড়শোরও বেশি দুষ্কৃতী। চলে গুলি, বোমাবাজি ও ইটবৃষ্টি। আতঙ্কে ঘরবন্দি হয়ে পড়েন বহু মানুষ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় কাঁকুলিয়া রোড থেকে গুলির খোল উদ্ধার করা হয়েছে। রাস্তার বিভিন্ন জায়গায় বোমা ফাটানোর চিহ্নও মিলেছে। ঘটনাস্থলে ছড়িয়ে থাকতে দেখা যায় ইট, কাচের টুকরো এবং বোমার সুতলি। একটি পুলিশ ভ্যানের সামনের কাচ ইট ছুড়ে ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ।

স্থানীয়দের একাংশের দাবি, মুখে রুমাল বেঁধে ধারাল অস্ত্র হাতে দুষ্কৃতীরা এলাকায় তাণ্ডব চালায়। অনেকের মাথায় ইট লাগার অভিযোগও উঠেছে। রাস্তায় রক্তের দাগ দেখা গিয়েছে বলে জানান বাসিন্দারা। বোমার আওয়াজে আতঙ্কে বহু পরিবার ঘরের ভিতরে ঢুকে পড়ে।

এই ঘটনার নেপথ্যে কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপ্পু ও তার দলবলের হাত রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। তাঁদের দাবি, গত গণেশ পুজোর সময়েও একই দল এলাকায় অশান্তি ছড়িয়েছিল।

তবে তৃণমূল কংগ্রেসের স্থানীয় কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায় দাবি করেছেন, একটি পিকনিককে ঘিরেই এই অশান্তির সূত্রপাত। তিনি বলেন, “এলাকায় শান্তি বজায় রাখাই আমার উদ্দেশ্য। যেই অপরাধ করে থাকুক না কেন, প্রশাসন ব্যবস্থা নেবে।”

ঘটনার খবর পেয়ে রবীন্দ্র সরোবর থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছয়। কাউন্সিলর ও পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসীর একাংশ। তাঁদের অভিযোগ, থানার এক কিলোমিটারের মধ্যেই এমন দুষ্কৃতী তাণ্ডব চললেও সময়মতো পুলিশি হস্তক্ষেপ হয়নি।

রবিবার সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ ঘটে এই ঘটনা। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও আতঙ্ক কাটেনি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.