গত কয়েকদিন ধরেই বিলম্বতার অভিযোগ তুলছেন যাত্রীরা ইন্ডিগো বিমান সংস্থার বিরুদ্ধে। দেরি করে বিমান ছাড়ার কারণে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে বিমান যাত্রীদের। রবিবার বিলম্বতাকে কেন্দ্র করে ঘটলো এক চাঞ্চল্য ঘটনা। এক যাত্রী চড়াও হয়ে বিমান চালকের গায়ে হাত তুললেন। আর সোমবার সেই ভিডিও উঠে এসেছে সমাজ মাধ্যমের পাতায়।
এই ঘটনাটি ঘটেছে দিল্লি-গোয়াগামী ইন্ডিগো বিমানে। ভিডিয়োতে দেখা যাচ্ছে,ভর্তি বিমান যাত্রীর মধ্যে বিমান চালক বিলম্বের কথাটা ঘোষণা করছেন আর ঠিক সেই সময় হলুদ হুডি পরা বিমান যাত্রী ক্ষুব্ধ হয়ে নিজের আসন ছেড়ে উঠে এসে বিমান চালককে ঘুষি মারে। ওই ব্যক্তির এরূপ আচরণ দেখে বাকি বিমান যাত্রীরা হতবাক হয়ে পড়েন এবং ক্ষুব্ধ ব্যক্তিকে সরিয়ে আনেন বিমান চালকের থেকে। এই ঘটনা কে কেন্দ্র করে বিমানের মধ্যে শুরু হয় চিৎকার চেঁচামেচি।
ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ডিসিপি জানিয়েছেন, অভিযুক্ত যাত্রীকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।







