সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর না হওয়ার অভিযোগ তুলে ফের আন্দোলনে নামল রাজ্যের সরকারি কর্মীরা। বকেয়া ডিএ (Dearness Allowance) মেটানোর দাবিতে রবিবার কলকাতায় মিছিল করল সংগ্রামী যৌথ মঞ্চ। শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করছে রাজ্য সরকার—এই অভিযোগেই আন্দোলন আরও জোরদার করার বার্তা দিলেন আন্দোলনকারীরা।
সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে বকেয়া ডিএ-র অন্তত ২৫ শতাংশ অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই নির্দেশ এখনও কার্যকর হয়নি বলেই দাবি সংগ্রামী যৌথ মঞ্চের। আদালতের রায়কে সামনে রেখেই এ দিন সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমণি রোড পর্যন্ত দীর্ঘ মিছিল করেন সরকারি কর্মীরা।
মঞ্চের অভিযোগ, ডিএ সংক্রান্ত একাধিক নির্দেশ দেওয়া হলেও রাজ্য সরকার এখনও পর্যন্ত একটিও বাস্তবায়ন করেনি। আন্দোলনকারীদের প্রশ্ন, সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ থাকার পরেও কেন কর্মীদের ন্যায্য ডিএ আটকে রাখা হচ্ছে?
এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন,
“সুপ্রিম কোর্টের রায় কার্যকর করানোর জন্য যদি রাস্তায় নামতে হয়, তা হলে বোঝা যায় গত ১৪ বছরে রাজ্যে কী ধরনের গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। আদালতের নির্দেশ মানতে বাধ্য করতেই আজ আমাদের আন্দোলন।”
ডিএ নিয়ে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতারা।







