কলকাতারাজনীতি

“‘শুধুই পুজোর আগে ফিতেকাটা সারাই?’— নাগরিকদের ধাক্কায় চাপে মেয়র”

রাস্তার বেহাল চিত্র নিয়ে ফের প্রশ্নের মুখে পড়লেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। হরিদেবপুরে সরেজমিনে ঘুরতে গিয়ে স্থানীয়রা সরাসরি তাঁকে আক্রমণ শানান—
“পুজোর আগে রাস্তা সারাই হয়, তারপর বছরভর সব আগের মতো! বাঁকুড়ার রাস্তা এত সুন্দর, কলকাতায় এমন দশা কেন?”

নাগরিকদের ক্ষোভের সামনে অস্বস্তিতে পড়েন মেয়র। সমাধানের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি জানান— ভারী বৃষ্টির কারণে শহরের রাস্তায় বারবার সমস্যা হচ্ছে। যেখানে যেখানে বিপদজনক পরিস্থিতি তৈরি হয়েছে, সেসব জায়গায় কাজ চলছে। তবে আশ্বাসও দেন— পুজোর আগেই মেরামত করা হবে রাস্তাগুলো।

কিন্তু সেই যুক্তি মানতে নারাজ অনেকে। অভিযোগকারীদের কথায়—
“বছরভর রাস্তার হাল এক থাকে। পুজোর সময় একটু পিচ চাপানো হয়, তারপর ফের পুরনো দশা। আমরা তো দেখছি বাইরে পুরুলিয়া, বাঁকুড়ার রাস্তা কত ভালো। তাহলে কলকাতার রাস্তাই বা এমন হবে কেন?”

শুধু হরিদেবপুর নয়, একই ছবি দক্ষিণ কলকাতার একাধিক এলাকায়। তারাতলা থেকে জিঞ্জিরাবাজারের রাস্তা কার্যত মৃত্যুফাঁদ। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে চলছে বাস, ট্রাক, বাইক। রাস্তার পরতে পরতে গর্ত, ভারী গাড়ি নামলেই দুর্ঘটনার আশঙ্কা। স্থানীয়দের অভিযোগ— জোড়াতাপ্পি দেওয়া হলেও কখনও স্থায়ী সমাধান হয়নি।

গড়িয়া বাজার থেকে বারুইপুর যাওয়ার পথও একইভাবে জর্জরিত। ফলে শহরের দক্ষিণাংশে নিত্যযাত্রীদের জীবন এখন একরকম দোলনা চড়ার মতো। পুজোর আগে আশ্বাস মিললেও, উৎসব মিটলেই ফের গর্ত-সন্ত্রাসে ভুগতে হয় মানুষকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.